
আগামী জুন মাসের শেষ নাগাদ চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে পূর্ণমাত্রায় জ্বালানি তেল সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়।
জ্বালানি খাতে বৈশ্বিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রভাব মোকাবিলায় করণীয় নির্ধারণে গত এপ্রিল মাসে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। সরকারি ও বিরোধী দলের পাঁচজন করে মোট ১০ সদস্য নিয়ে গঠিত এই কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয় সংসদ ভবনে।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে নেওয়া উদ্যোগ এবং বর্তমান পরিস্থিতি কমিটির সামনে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ফিলিং স্টেশন স্থাপন ও পরিচালনা সংক্রান্ত নীতিমালা আধুনিক ও সময়োপযোগী করার কাজ চলমান রয়েছে বলেও জানানো হয়।
এ ছাড়া গ্যাস বিপণন সংক্রান্ত নিয়মাবলি ইতিমধ্যে হালনাগাদ করা হয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। জ্বালানি পরিস্থিতি সামাল দিতে বিরোধী দলের সদস্যদের কাছ থেকেও লিখিত সুপারিশ আহ্বান করা হয়েছে।
কমিটির সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।