প্রিন্ট এর তারিখঃ May 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 24, 2026 ইং
সভাপতি দুর্জয়, সম্পাদক মোস্তাকিম: ঢাবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন–এর ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের একাংশের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দুর্জয় রায় এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম।
‘নূতন মাটিতে আসে ফসলেরই কাল, আঁধার পেরিয়ে আসে আগামী সকাল’—এই প্রতিপাদ্য সামনে রেখে গত বৃহস্পতিবার শুরু হয় ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশন। আজ শনিবার কাউন্সিল অধিবেশনের শেষ দিনে সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মেঘমল্লার বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাঈন আহমেদ। এতে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার এবং সহসভাপতি আসিফ জামান।
কাউন্সিল অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয় এবং প্রয়াত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করা হয়। আনুষ্ঠানিকভাবে আগের কমিটি বিলুপ্ত ঘোষণার পর বিষয় নির্বাচনী কমিটি গঠনের মাধ্যমে শুরু হয় নির্বাচনী অধিবেশন।
অধিবেশনে কাউন্সিলরদের দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর সর্বসম্মতিক্রমে দুটি পদ ফাঁকা রেখে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। পরে নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মেঘমল্লার বসু।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মধুসূদন কর্মকার, অর্থী আনজুম, ফাতিন ইশরাক ও সাব্বির হোসেন। সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন ইসরাত জাহান, ফাহিম ইনতিসার ও জোবায়ের ইবনে ইমাম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত।
ছাত্র ইউনিয়নের নেতারা সম্মেলনে বলেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক পরিবেশ এবং বৈষম্যহীন শিক্ষা নিশ্চিত করতে সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক চর্চা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক রাজনীতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে বক্তারা আরও বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের বিভিন্ন সংকট, আবাসন সমস্যা, শিক্ষার ব্যয় বৃদ্ধি এবং একাডেমিক অনিশ্চয়তার বিষয়গুলোতে ছাত্র সংগঠনগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। নতুন নেতৃত্ব এসব ইস্যুতে সক্রিয়ভাবে কাজ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্রসংগঠনগুলোর নতুন নেতৃত্ব ভবিষ্যতের ছাত্ররাজনীতির দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের বৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলে থাকে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস