প্রিন্ট এর তারিখঃ May 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 25, 2026 ইং
সাংহাইয়ে এশিয়ান স্পেলিং বি আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে আশাবাদী এমেরাল্ড ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক মানের ভাষাভিত্তিক প্রতিযোগিতা এশিয়ান স্পেলিং বিতে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে ঢাকার এমেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ শিরোপা, রানারআপ স্থান এবং একাধিক বিভাগে সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটির ১১ জন শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। তারা আগামী জুলাইয়ে চীনের সাংহাই–এ অনুষ্ঠিতব্য এশিয়ান স্পেলিং বি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবে।
গত ২৩ মে অনুষ্ঠিত এশিয়ান স্পেলিং বি প্রতিযোগিতাটি আয়োজন করে এডুপ্রো কনসেপ্টস বাংলাদেশ লিমিটেড এবং Spelling Bee of China (SPBCN)। প্রতিযোগিতার মাধ্যমে সেরা অংশগ্রহণকারীদের যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তমহাদেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্যও বাছাই করা হয়।
প্রতিযোগিতায় তৃতীয় থেকে অষ্টম শ্রেণির মোট ২০ জন শিক্ষার্থী এমেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিনিধিত্ব করে। বিভিন্ন গ্রেডভিত্তিক ক্যাটাগরিতে তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। বিশেষ করে গ্রেড ৩-৫ এবং গ্রেড ৬-৯ বয়সভিত্তিক দুই বিভাগেই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিজয়ীর তালিকায় স্থান করে নেয়।
গ্রেড-৫ এর শিক্ষার্থী শাহনান সাবিত নিরঝর প্রতিযোগিতাজুড়ে ধারাবাহিক দক্ষতা প্রদর্শন করে চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে। একই বিভাগে গ্রেড-৩ এর শিক্ষার্থী ইউসুফ মো. শফিক রানারআপ হওয়ার কৃতিত্ব দেখায়।
এ ছাড়া গ্রেড-৭ এর আমর ঈসা বিন মোহাম্মদ এবং গ্রেড-৬ এর আনাবিয়া শাহরিশ রাফাহ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পৌঁছায়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টাইব্রেকার রাউন্ড শেষে তারা রানারআপ ফাইনালিস্ট হিসেবে প্রতিযোগিতা শেষ করে।
এ সাফল্য প্রসঙ্গে এমেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা এম এম রনক বলেন, শিক্ষার্থীদের ভাষা শেখার প্রতি আগ্রহ তৈরি এবং তা দীর্ঘমেয়াদে ধরে রাখার বিষয়টিকেই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তাঁর ভাষায়, শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেওয়ার শুরু থেকেই ভাষার দক্ষতা উন্নয়ন, আত্মপ্রকাশের ক্ষমতা এবং শেখার কৌতূহল বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের শিক্ষার্থীদের সম্ভাবনা তুলে ধরার সুযোগ তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য। খেলার মাধ্যমে শেখা এবং ধাপে ধাপে ভাষার প্রতি আগ্রহ ধরে রাখার শিক্ষণপদ্ধতিই এই অর্জনের মূল ভিত্তি বলে মনে করেন তিনি।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির ১১ জন শিক্ষার্থী আগামী জুলাইয়ে সাংহাইয়ে অনুষ্ঠিতব্য এশিয়ান স্পেলিং বি চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগকে তারা শিক্ষার্থীদের জন্য বড় অর্জন হিসেবে দেখছে।
শিক্ষাবিদদের মতে, এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, আত্মবিশ্বাস ও বৈশ্বিক যোগাযোগ সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক অঙ্গনে উপস্থিতিও আরও দৃশ্যমান হয়ে ওঠে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস