প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 27, 2026 ইং
ঢাবিতে প্রফেশনাল মাস্টার্সে ভর্তির সুযোগ, আবেদন করতে লাগবে সিজিপিএ ২.৫

সিজিপিএ ২.৫০ থাকলেই আবেদন, ১৮ মাস মেয়াদি কোর্সে ভর্তি পরীক্ষা ২৭ জুন
ঢাকা বিশ্ববিদ্যালয়–এর তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের জুলাই–ডিসেম্বর ২০২৬ সেমিস্টারের জন্য নবম ব্যাচে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিভাগ সূত্রে জানা গেছে, সম্পূর্ণ নিজ খরচে পরিচালিত এই প্রফেশনাল মাস্টার্স কোর্সের মেয়াদ হবে ১৮ মাস, যা তিনটি সেমিস্টারে সম্পন্ন হবে। তথ্যবিজ্ঞান, গ্রন্থাগার ব্যবস্থাপনা ও তথ্যসেবা খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যেই এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
আবেদনের যোগ্যতা
ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। গ্রেডিং পদ্ধতিতে কোনো পরীক্ষায় জিপিএ বা সিজিপিএ ২ দশমিক ৫০–এর নিচে গ্রহণযোগ্য হবে না। একইভাবে সনাতন পদ্ধতিতে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি পাওয়া প্রার্থীরাও আবেদন করতে পারবেন না।
বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রন্থাগার ও তথ্যপ্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীদের ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন ফরম সংগ্রহ ও জমাদান
আগামী ২৬ জুন সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভাগীয় অফিস থেকে অথবা বিভাগের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভাগীয় অফিসে জমা দিতে হবে। একই সঙ্গে আবেদনকারীদের ১ হাজার ৫০০ টাকা ফি পরিশোধ করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখও ২৬ জুন।
আবেদন জমা দেওয়ার পর প্রার্থীরা ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
ভর্তি পরীক্ষা ২৭ জুন
ভর্তি পরীক্ষা আগামী ২৭ জুন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ।
ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য বিভাগের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যোগাযোগের ঠিকানা
ভর্তি–সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে—
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ
কলাভবন (নিচতলা), কক্ষ নম্বর–১০২০
ঢাকা বিশ্ববিদ্যালয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস