
ভাষাগত যোগ্যতা, আর্থিক সক্ষমতা ও পরিবার পুনর্মিলনে আসছে নতুন শর্ত
উচ্চশিক্ষার জন্য ইউরোপের জনপ্রিয় গন্তব্যগুলোর একটি ফিনল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অভিবাসন ও আবাসন–সংক্রান্ত নিয়ম আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে। দেশটির অর্থনীতি ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয় নতুন অভিবাসন সংস্কার প্রস্তাবের খসড়া প্রকাশ করেছে, যেখানে ভাষাগত দক্ষতা, আর্থিক সক্ষমতা এবং পরিবার নিয়ে বসবাসের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত পরিবর্তনগুলোর ওপর আগামী ২৯ জুন পর্যন্ত মতামত গ্রহণ করা হবে। এরপর চলতি অধিবেশনেই বিলটি দেশটির পার্লামেন্টে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে নতুন নিয়ম ২০২৭ সাল থেকে কার্যকর হতে পারে।
পরিবার নিয়ে যাওয়ার সুযোগে কড়াকড়ি
বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ফিনল্যান্ডে যাওয়ার সময়ই তাঁদের পরিবারের সদস্যদের জন্য আবাসনের অনুমতির আবেদন করতে পারেন। তবে নতুন প্রস্তাবে এই সুযোগ সীমিত করার কথা বলা হয়েছে।
খসড়ায় উল্লেখ করা হয়েছে, একজন শিক্ষার্থীকে অন্তত এক বছর ফিনল্যান্ডে বসবাস করার পর তাঁর পরিবারের সদস্যরা আবাসনের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ, নতুন নিয়ম কার্যকর হলে শুরুতেই পরিবার নিয়ে যাওয়ার সুযোগ আর থাকছে না।
বিশ্লেষকেরা বলছেন, এই পরিবর্তন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় ধরনের চাপ তৈরি করতে পারে, বিশেষ করে যাঁরা স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে পড়াশোনার পরিকল্পনা করেন।
আর্থিক সক্ষমতার প্রমাণে নতুন বাধ্যবাধকতা
শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা যাচাইয়ের নিয়মও আরও কঠোর করতে চায় ফিনল্যান্ড সরকার। বর্তমানে ন্যূনতম অর্থনৈতিক সক্ষমতা নির্ধারণে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ নির্দেশনা দিয়ে থাকে। তবে নতুন প্রস্তাবে এটি সরাসরি আইন ও সরকারি অধ্যাদেশের মাধ্যমে নির্ধারণ করার কথা বলা হয়েছে।
সরকারের ভাষ্য অনুযায়ী, পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি ছাড়া অনেক শিক্ষার্থী ফিনল্যান্ডে গিয়ে সমস্যায় পড়ছেন। একই সঙ্গে বিদেশি শিক্ষা এজেন্টদের বিভ্রান্তিকর তথ্য এবং মধ্যস্থতাকারীদের কাছে ঋণগ্রস্ত হওয়ার ঘটনাও বাড়ছে।
কর্তৃপক্ষ মনে করছে, কঠোর আর্থিক যাচাই ব্যবস্থা চালু করা হলে শিক্ষার্থীদের বাস্তব প্রস্তুতি নিশ্চিত করা সহজ হবে।
ফিনল্যান্ডে যাওয়ার আগেই লাগবে ভাষা দক্ষতা
প্রস্তাবিত সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো ভাষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা। নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের ফিনল্যান্ডে প্রবেশের আগেই নির্ধারিত ভাষাগত দক্ষতা প্রমাণ করতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কিছু আন্তর্জাতিক শিক্ষার্থী পর্যাপ্ত ইংরেজি বা পাঠদানের ভাষাজ্ঞান ছাড়া দেশটিতে পৌঁছান। ফলে তাঁদের পড়াশোনা চালিয়ে যেতে নানা জটিলতা তৈরি হয়।
নতুন প্রস্তাবে বলা হয়েছে, নির্ধারিত ভাষাগত যোগ্যতা পূরণ করতে ব্যর্থ হলে শিক্ষার্থীদের স্টাডি রেসিডেন্স পারমিট আবেদন বাতিল করা হতে পারে।
ধাপে ধাপে কঠোর হচ্ছে অভিবাসননীতি
ফিনল্যান্ড সরকার ২০২৩ সাল থেকেই অভিবাসন ও স্থায়ী বসবাস–সংক্রান্ত নীতিমালা ধাপে ধাপে কঠোর করে আসছে। ইতিমধ্যে দেশটিতে স্থায়ী আবাসন ও নাগরিকত্ব পাওয়ার নিয়মেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
নতুন এই প্রস্তাব আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগকে আরও প্রতিযোগিতাপূর্ণ করে তুলতে পারে বলে মনে করছেন শিক্ষা ও অভিবাসন বিশ্লেষকেরা।
বিশেষ করে দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের জন্য ভাষাগত দক্ষতা ও আর্থিক প্রস্তুতির বিষয়গুলো এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও ধারণা করা হচ্ছে।