
ক্ষমতাসীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে আজ বুধবার। এ উপলক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন তুলে ধরেছে দলটি। বিএনপির দাবি, স্বল্প সময়ের মধ্যেই জনকল্যাণ, অর্থনীতি, কৃষি, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক সংস্কারের বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে সরকার।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই ১০০ দিনের অন্যতম বড় সফলতা হচ্ছে দেশের সব শিল্পকারখানায় ঈদের আগে শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য সুবিধা পরিশোধ নিশ্চিত করা। একই সঙ্গে দলটির ভাষ্য, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে সরকারের ১০০ দিনের কার্যক্রমের সারসংক্ষেপ প্রকাশ করা হয়। সেখানে মোট ২৬টি উল্লেখযোগ্য পদক্ষেপ ও অর্জনের তালিকা তুলে ধরা হয়েছে।
সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচি
বিএনপির তথ্য অনুযায়ী, সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ইতিমধ্যে ৫৩ হাজার ৯৬টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ‘কৃষক কার্ড’ পেয়েছে ২০ হাজার ৭৪৮টি পরিবার। দলটির দাবি, এসব উদ্যোগের মাধ্যমে নিম্ন ও মধ্যআয়ের মানুষের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
খাদ্য নিরাপত্তার অংশ হিসেবে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
এ ছাড়া প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী নাগরিকদের জন্য মেট্রোরেল ও ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়ের সুবিধা চালু করার কথাও উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে পদক্ষেপ
বিএনপির দাবি, ১০০ দিনের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ডিজিটাল সংযোগ জোরদারের অংশ হিসেবে ৬৫ হাজার ৫৬৯টি বিদ্যালয়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।
ক্রীড়াক্ষেত্রে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম পরিচালনার তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি ৫৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণের কথাও জানানো হয়।
অবকাঠামো ও কৃষিতে অগ্রগতি
বিএনপি জানিয়েছে, দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের অংশ হিসেবে ৬৬৬টি খালে খনন কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। দলটির দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ সরাসরি উপকৃত হবে।
এ ছাড়া ভূমিসেবা অটোমেশন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবাকে সহজ ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
অর্থনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা
অর্থনৈতিক সূচক নিয়েও আশাবাদ ব্যক্ত করেছে বিএনপি। দলটির দাবি, চলতি বছরের ২০ মে পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭১ শতাংশে নেমে এসেছে।
রাজস্ব খাতে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ১৩ দশমিক ৬০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের তথ্যও তুলে ধরা হয়েছে।
সরকারের ভাষ্য অনুযায়ী, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভর্তুকির মাধ্যমে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
প্রশাসনিক কার্যক্রম ও সিদ্ধান্ত বাস্তবায়ন
বিএনপির দেওয়া তথ্যমতে, গত ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত ১০টি কেবিনেট সভায় ৬০টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে ৩৭টি সিদ্ধান্ত ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং বাকি ২৩টি বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে।
সরকারি কার্যক্রমে জবাবদিহি ও সেবার মান বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে জনগণের কাছে সরাসরি পৌঁছানোর বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বিএনপি বলেছে, “এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যান না, বরং প্রধানমন্ত্রীই তাঁদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন।”
বিমান, প্রতিরক্ষা ও আন্তর্জাতিক উদ্যোগ
বিমান বহর সম্প্রসারণের জন্য ১৪টি বোয়িং উড়োজাহাজ যুক্ত করতে চুক্তি স্বাক্ষরের তথ্য প্রকাশ করেছে বিএনপি। একই সঙ্গে আধুনিক ‘গ্রাউন্ড মাস্টার-৪০০’ রাডার চালুর কথাও জানানো হয়েছে, যা ঢাকা থেকে ৬৫০ কিলোমিটার এবং বঙ্গোপসাগরে ৮৩৩ কিলোমিটার পর্যন্ত আকাশসীমা নজরদারিতে সক্ষম।
এ ছাড়া জুলাই আন্দোলনে আহত ১৫২ জন যোদ্ধাকে রাশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়।
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে ১০টি দেশের মধ্যে ৩টি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং বাকি দেশগুলোর সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেছে দলটি।
ধর্মীয় ও রাজনৈতিক বার্তা
বিএনপি জানিয়েছে, বর্তমানে প্রায় ৬ হাজার ধর্মীয় উপাসনালয়ের প্রধান মাসিক ভাতা পাচ্ছেন।
একই সঙ্গে বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত করার সিদ্ধান্তের কথাও উল্লেখ করা হয়েছে। দলটির দাবি, আগের সরকার এই শব্দবন্ধ বাদ দিয়েছিল।
দুর্নীতিবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে আলোচিত এস আলম গ্রুপের ৪ হাজার ২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ করার তথ্যও তুলে ধরা হয়েছে।
এ ছাড়া ঈদকে সামনে রেখে ১৫ হাজার ৪৪৪ জন পেশাদার এবং ২২ হাজার ৯১৮ জন অপেশাদার কসাইকে বৈজ্ঞানিক উপায়ে পশুর চামড়া ছাড়ানোর প্রশিক্ষণ দেওয়ার তথ্য প্রকাশ করেছে বিএনপি।
সরকারের ১০০ দিনের এই মূল্যায়নের মাধ্যমে বিএনপি জনগণের কাছে তাদের প্রশাসনিক সক্ষমতা, জনমুখী কার্যক্রম ও রাজনৈতিক বার্তা তুলে ধরার চেষ্টা করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।