
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নামে পোস্টার লাগানোকে কেন্দ্র করে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক এলাকা ও শহীদ সাজিদ একাডেমিক ভবনের বিভিন্ন স্থানে এসব পোস্টার দেখতে পান শিক্ষার্থী ও পথচারীরা।
পোস্টারগুলোতে বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পরিচয় ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে বলে দাবি করা হয়।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, কারা এ কাজের সঙ্গে জড়িত তা শনাক্ত করতে নিরাপত্তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পরিচয়ে বিভিন্ন ব্যক্তি প্রবেশ করতে পারেন। তাই ফুটেজ বিশ্লেষণ ও প্রয়োজনীয় তদন্তের মাধ্যমেই দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে। প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।