
উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন পূরণে শিক্ষার্থী ভিসা পাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি বড় অর্জন। তবে ভিসা হাতে পেলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং ভিসার শর্ত মেনে চলা এবং অভিবাসন-সংক্রান্ত নিয়মকানুন অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নিয়ম লঙ্ঘন করলে শিক্ষার্থী ভিসা বাতিল বা প্রত্যাহার হতে পারে, যা একজন শিক্ষার্থীর পড়াশোনা, বৈধ অবস্থান এবং ভবিষ্যৎ অভিবাসন পরিকল্পনার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, অনেক শিক্ষার্থী ভিসা বাতিলের ঝুঁকি সম্পর্কে যথেষ্ট সচেতন নন। অথচ কিছু সাধারণ ভুল বা অবহেলার কারণেই এই পরিস্থিতি তৈরি হতে পারে।
যেসব কারণে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে
দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান
যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসাধারীদের ক্ষেত্রে নির্ধারিত সময়ের বেশি দেশের বাইরে অবস্থান ঝুঁকিপূর্ণ হতে পারে। কোনো শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বা প্রয়োজনীয় তথ্য হালনাগাদ ছাড়া পাঁচ মাসের বেশি সময় যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন, তাহলে তাঁর শিক্ষার্থী মর্যাদা (স্টুডেন্ট স্ট্যাটাস) বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হয়। এর ফলে ভিসাও বাতিল হতে পারে।
বিশ্ববিদ্যালয় পরিবর্তনের তথ্য হালনাগাদ না করা
এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের ক্ষেত্রে অভিবাসন-সংক্রান্ত নথি ও শিক্ষার্থী রেকর্ড যথাযথভাবে হালনাগাদ করা বাধ্যতামূলক। এ প্রক্রিয়া সম্পন্ন না হলে শিক্ষার্থীকে অনুপস্থিত বা নিষ্ক্রিয় হিসেবে দেখানো হতে পারে, যা ভিসা বাতিলের কারণ হয়ে দাঁড়াতে পারে।
প্রতারণা বা জালিয়াতিমূলক কর্মকাণ্ড
ভিসা আবেদন বা পরবর্তী সময়ে ভুয়া তথ্য প্রদান, জাল নথি ব্যবহার, অনুমতি ছাড়া চাকরি করা অথবা অন্য কোনো প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিতে পারে। এসব ক্ষেত্রে শুধু ভিসা বাতিলই নয়, ভবিষ্যতে নতুন ভিসা পাওয়ার সুযোগও ক্ষতিগ্রস্ত হতে পারে।
ভিসার শর্ত পূরণে ব্যর্থতা
শিক্ষার্থীর ব্যক্তিগত, আর্থিক বা একাডেমিক অবস্থার পরিবর্তনের কারণে যদি কর্তৃপক্ষ মনে করে যে তিনি আর শিক্ষার্থী ভিসার শর্ত পূরণ করছেন না, তাহলে ভিসা বাতিল করা হতে পারে।
নিরাপত্তা বা অপরাধসংক্রান্ত অভিযোগ
কখনো কখনো তৃতীয় পক্ষের অভিযোগ, নিরাপত্তাজনিত উদ্বেগ বা অপরাধসংক্রান্ত তদন্তের কারণেও শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। যদিও এমন ক্ষেত্রে কর্তৃপক্ষ সাধারণত পৃথক তদন্ত পরিচালনা করে থাকে।
ভিসা বাতিল হলে কী করবেন?
বিশেষজ্ঞদের মতে, ভিসা বাতিল হওয়ার খবর পাওয়ার পর আতঙ্কিত না হয়ে দ্রুত এবং পরিকল্পিতভাবে পদক্ষেপ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রথমে কারণটি নিশ্চিত করুন
ভিসা কেন বাতিল হয়েছে, তা পরিষ্কারভাবে জানা জরুরি। এটি কি প্রশাসনিক ভুল, রেকর্ড আপডেট না হওয়ার সমস্যা, দীর্ঘ অনুপস্থিতি, নাকি অন্য কোনো কারণে হয়েছে—সেটি বুঝতে হবে। কারণ প্রকৃত কারণ জানা গেলে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা সহজ হয়।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সাধারণত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা বিভাগ থাকে। ভিসা বা অভিবাসনসংক্রান্ত জটিলতা দেখা দিলে দ্রুত ওই বিভাগের সঙ্গে যোগাযোগ করা উচিত। অনেক ক্ষেত্রে তারা প্রয়োজনীয় নথিপত্র, ব্যাখ্যা এবং করণীয় সম্পর্কে সহায়তা দিতে পারে।
প্রয়োজন হলে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করুন
যদি মনে হয় ভিসা বাতিলের সিদ্ধান্ত ভুল তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে, অথবা আপনার কাছে গ্রহণযোগ্য ব্যাখ্যা রয়েছে—যেমন চিকিৎসাজনিত কারণে দীর্ঘ অনুপস্থিতি—তাহলে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে পুনর্বিবেচনা বা আপিলের আবেদন করা যেতে পারে।
অভিবাসন আইনজীবীর সহায়তা নিন
পরিস্থিতি জটিল হলে অভিজ্ঞ অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। আইনজীবীরা শিক্ষার্থীর পরিস্থিতি মূল্যায়ন করে সম্ভাব্য আইনি পথ, আপিলের সুযোগ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে পারেন।
বিমা সুবিধা যাচাই করুন
কিছু শিক্ষার্থী বা ভ্রমণ বিমা পরিকল্পনায় ভিসা বাতিলের কারণে সৃষ্ট নির্দিষ্ট আর্থিক ক্ষতির জন্য সীমিত সহায়তার ব্যবস্থা থাকতে পারে। তাই বিমা নীতিমালা (পলিসি) ভালোভাবে পর্যালোচনা করা উচিত।
দ্রুত পদক্ষেপই হতে পারে সমাধানের চাবিকাঠি
বিশেষজ্ঞদের মতে, শিক্ষার্থী ভিসা বাতিল হওয়া নিঃসন্দেহে একটি কঠিন ও উদ্বেগজনক পরিস্থিতি। তবে এটি সব সময় চূড়ান্ত বিপর্যয় নয়। সঠিক সময়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ, আইনগত পরামর্শ গ্রহণ এবং যথাযথ নথিপত্র প্রস্তুত রাখলে অনেক ক্ষেত্রেই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ভিসার শর্ত সম্পর্কে সচেতন থাকা, শিক্ষাপ্রতিষ্ঠানের নির্দেশনা মেনে চলা এবং যেকোনো পরিবর্তন বা সমস্যার ক্ষেত্রে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করা। সচেতনতা ও দ্রুত পদক্ষেপই ভিসা-সংক্রান্ত জটিলতা থেকে উত্তরণের সবচেয়ে কার্যকর উপায়।