প্রিন্ট এর তারিখঃ Jun 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 2, 2026 ইং
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এমএস কোর্সে ভর্তি, বিস্তারিত জানুন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস (সিড টেকনোলজি) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সিড টেকনোলজির অধীনে জুলাই-ডিসেম্বর ২০২৬ সেমিস্টারের এ প্রোগ্রামে মোট ৪০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জুন থেকে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১৮ জুন ২০২৬ পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।
ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন ফরমের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র বা একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দেওয়া প্রশংসাপত্র, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিক সনদের সত্যায়িত কপি সংযুক্ত করে সরাসরি সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে।
প্রার্থীদের স্নাতক পর্যায়ের সিজিপিএর ভিত্তিতে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা হবে। তবে চাকরিরত এবং বৃত্তিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে ভর্তির যোগ্যতার শর্ত শিথিলযোগ্য থাকবে। এ ধরনের আবেদনকারীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র ও বৃত্তিপ্রাপ্তির নিশ্চয়তাপত্র জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চাকরিরত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এমএস প্রোগ্রামে ভর্তির সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাশ শাখায় ৪০ হাজার টাকা বেঞ্চ ফি জমা দিতে হবে। তবে তাদের গবেষণাসংক্রান্ত ব্যয় বিশ্ববিদ্যালয় বহন করবে না।
নির্বাচিত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর সময়সূচি পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট অব সিড টেকনোলজির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, অসম্পূর্ণ, অযোগ্য কিংবা মিথ্যা তথ্যসংবলিত আবেদন সরাসরি বাতিল করা হবে। ভর্তিসংক্রান্ত যেকোনো বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
ভর্তি, আবেদনপদ্ধতি এবং অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস