
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি যে গভীর আবেগ ও সমর্থন রয়েছে, সেটিকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
শনিবার রাজধানীতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
রাষ্ট্রদূত উল্লেখ করেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস ও আর্জেন্টিনার প্রতি তাদের সমর্থন বিশ্বজুড়ে একটি অনন্য উদাহরণ। এই আবেগ ও ভালোবাসার গল্প আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা গেলে দুই দেশের জনগণের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে তিনি মনে করেন।
জবাবে আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে। নিরাপত্তা খাতে অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমেও সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ফুটবলপ্রেম এবং আর্জেন্টিনার প্রতি মানুষের আবেগ বিশ্বমঞ্চে তুলে ধরার যে উদ্যোগের কথা রাষ্ট্রদূত জানিয়েছেন, তা অত্যন্ত ইতিবাচক। এ ধরনের উদ্যোগ দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও সমৃদ্ধ করবে।
বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।