
জলবায়ু পরিবর্তন, সংঘাত এবং দীর্ঘমেয়াদি আর্থসামাজিক সমস্যার কারণে বিশ্বজুড়ে কোটি কোটি শিশুর শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের সংকটের কারণে বাংলাদেশে প্রায় ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনটি প্রকাশ করেছে ‘এডুকেশন ক্যানট ওয়েট’, যা সংকটাপন্ন অঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে জাতিসংঘের সহায়তায় পরিচালিত একটি বৈশ্বিক তহবিল। তাদের হালনাগাদ গবেষণায় দেখা গেছে, গত দেড় বছরে সংকটের মুখে থাকা শিশুদের সংখ্যা আরও ২ কোটি ১০ লাখ বেড়েছে। বর্তমানে বিশ্বে প্রায় ২৫ কোটি ৮০ লাখ শিশু কোনো না কোনোভাবে শিক্ষাগত ঝুঁকির মধ্যে রয়েছে।
গবেষণায় উল্লেখ করা হয়েছে, যুদ্ধ, বাস্তুচ্যুতি, প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক অস্থিরতার কারণে বহু শিশু নিয়মিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এর মধ্যে প্রায় ৯ কোটি ৩০ লাখ শিশু বিদ্যালয় ছাড়তে বাধ্য হয়েছে।
বিশ্বব্যাপী শিক্ষাসংকটে থাকা শিশুদের প্রায় ৬০ শতাংশ মাত্র নয়টি দেশে বসবাস করে। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, মিয়ানমার, সুদান, ইয়েমেন, নাইজেরিয়া, ইথিওপিয়া এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে স্কুলগামী বয়সের শিশুর সংখ্যা প্রায় ৪ কোটি ২৮ লাখ। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ শিশুর শিক্ষায় নেতিবাচক প্রভাব পড়েছে। এ ক্ষতির প্রধান কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগকে চিহ্নিত করা হয়েছে, যার অবদান প্রায় ৯৮ শতাংশ। বাকি অংশের জন্য দায়ী আর্থসামাজিক সংকট।
এডুকেশন ক্যানট ওয়েটের নির্বাহী পরিচালক মায়সা জালবুত বলেন, জলবায়ু পরিবর্তন ও সংঘাত শিক্ষাক্ষেত্রে অর্জিত অগ্রগতিকে হুমকির মুখে ফেলছে। তাঁর মতে, গবেষণার ফলাফল সংকট মোকাবিলায় কোথায় বেশি সহায়তা ও বিনিয়োগ প্রয়োজন, সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়।