
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) থেকে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৩ জুলাই ২০২৬ রাত ১২টা পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত চার বছর মেয়াদি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ শিক্ষাবর্ষে চারটি বিষয়ে শিক্ষার্থী নেওয়া হবে। বিষয়গুলো হলো—এলএলবি, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স।
অনলাইনে আবেদন, প্রাথমিক ফি এক হাজার টাকা
ভর্তিতে আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন করার পর নির্ধারিত পদ্ধতিতে প্রাথমিক আবেদন ফি এক হাজার টাকা পরিশোধ করতে হবে।
আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনকারীদের আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করে সংরক্ষণ করতে হবে। ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী এই কপি ব্যবহার করতে হতে পারে।
১০০ নম্বরের এমসিকিউ ভর্তি পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীদের লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে। পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সংশ্লিষ্ট গ্রুপভিত্তিক বিষয়ে প্রশ্ন থাকবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম ৩৫ নম্বর পেতে হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পাবেন না।
মেধাতালিকা হবে ২০০ নম্বরের ভিত্তিতে
ভর্তি পরীক্ষার ফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফল যুক্ত করে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।
এ ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আরও ১০০ নম্বর যোগ করা হবে। অর্থাৎ মোট ২০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারণ করা হবে।
আবেদনের যোগ্যতা
ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার নির্দিষ্ট শর্ত দেওয়া হয়েছে।
মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। একই সঙ্গে দুই পরীক্ষায় মিলিয়ে মোট জিপিএ থাকতে হবে ন্যূনতম ৬.৫০।
অন্যদিকে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৭.৫০ থাকতে হবে।
এ ছাড়া ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। বিদেশি শিক্ষাবোর্ডের সনদধারী শিক্ষার্থীদের জন্যও আবেদন করার সুযোগ রাখা হয়েছে।
ভর্তি ও নিবন্ধনে খরচ ১৫ হাজার ১৪৫ টাকা
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক আবেদন ফি এক হাজার টাকা হলেও ভর্তি নিশ্চিতকরণ ও নিবন্ধনসহ অন্যান্য খাতে শিক্ষার্থীদের মোট ১৫ হাজার ১৪৫ টাকা পরিশোধ করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, অন-ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামটি অনাবাসিক হওয়ায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য কোনো আবাসিক সুবিধা দেওয়া হবে না।
ভর্তির শর্ত, আবেদন প্রক্রিয়া, সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।