
জাতীয় সংসদের চলমান অধিবেশনে শেষ সময়ে এসে ওয়াকআউট করেছে বিরোধী দল। পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ না পাওয়া, বিলের কপি আগে না দেওয়া এবং আলোচনার সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলে রোববার সংসদ অধিবেশন থেকে বের হয়ে যান বিরোধী দলের সংসদ সদস্যরা।
রোববার বৈঠকের একেবারে শেষ পর্যায়ে এ ঘটনা ঘটে। দিনের কার্যসূচি অনুযায়ী বাজেট আলোচনার সমাপনী বক্তা ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বক্তব্যের পরপরই সংসদে উত্তেজনা তৈরি হয়।
জামায়াতের ভূমিকা নিয়ে অবস্থান পরিষ্কারের আহ্বান
বাজেট আলোচনায় বক্তব্য দিতে গিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর প্রতি মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা নিয়ে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ওই সময়ের ভূমিকা নিয়ে দলটির অবস্থান স্পষ্ট করা প্রয়োজন।
মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর সম্পূরক কার্যসূচি হিসেবে দুটি বিল উত্থাপন করা হয়। বিল দুটি হলো—বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন এবং পাবলিক এক্সামিনেশনস (অফেন্স) (সংশোধন) বিল।
বিল উত্থাপন নিয়ে আপত্তি বিরোধী দলের
বিরোধী দলের সংসদ সদস্যরা অভিযোগ করেন, আগে থেকে নোটিশ না দিয়ে তড়িঘড়ি করে বিল দুটি উত্থাপন করা হচ্ছে। তাঁরা এ বিষয়ে আপত্তি জানান।
তবে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, প্রয়োজন বিবেচনায় সময় মার্জনা করা হয়েছে। এরপর বিল দুটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ না পাওয়ার অভিযোগ
বিল উত্থাপনের পর জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার জন্য ফ্লোর চান।
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, এই মুহূর্তে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া সম্ভব নয়। কারণ সংসদের ৩০০ বিধিতে স্থানীয় সরকারমন্ত্রীর একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে।
তিনি স্থানীয় সরকারমন্ত্রীকে বিবৃতি দেওয়ার জন্য আহ্বান জানান।
তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনাদের জন্য সুখবর আছে।’
তবে এ সময় বিরোধী দলের বেশ কয়েকজন সংসদ সদস্য দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করেন। পরিস্থিতিতে ডেপুটি স্পিকার বলেন, ‘বিবৃতিটা হোক, তারপর। আপনারা এত অধৈর্য হয়ে যান!’
এরপর বিরোধী দলের সদস্যদের বলতে শোনা যায়, ‘ওয়াকআউট করলাম।’ পরে তাঁরা সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।
পরে মন্ত্রীর বিবৃতি, মুলতবি সংসদ
ওয়াকআউটের পর স্থানীয় সরকারমন্ত্রী জানান, তিনি পরবর্তী কার্যদিবসে অর্থাৎ সোমবার বিবৃতি দেবেন।
এরপর ডেপুটি স্পিকার সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন।
তিন কারণ দেখাল বিরোধী দল
ওয়াকআউটের পর জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, বিরোধী দলকে কম সময় দেওয়া এবং সরকারি দলকে বেশি সময় দেওয়া, বিলের কপি আগে না দেওয়া এবং পয়েন্ট অব অর্ডারে বক্তব্যের সুযোগ না দেওয়ার প্রতিবাদে তাঁরা সংসদ থেকে ওয়াকআউট করেছেন।
তিনি আরও বলেন, সংসদে কার্যকর আলোচনা ও সদস্যদের মতামত প্রকাশের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
বিরোধী দলের এই ওয়াকআউটের মধ্য দিয়ে রোববারের সংসদ অধিবেশনের শেষ পর্বে কার্যক্রমে বিরতি ঘটে।