প্রিন্ট এর তারিখঃ Jul 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 3, 2026 ইং
ফিলিপাইনের কার্ড–এমআরআই প্রতিনিধিদলের আশা ইউনিভার্সিটি সফর, সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা

একাডেমিক সহযোগিতা, গবেষণা এবং আন্তর্জাতিক অংশীদারত্ব সম্প্রসারণের লক্ষ্যে ফিলিপাইনের সেন্টার ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট–মিউচুয়ালি রিইনফোর্সিং ইনস্টিটিউশনস (সিএআরডি–এমআরআই)-এর চার সদস্যের একটি প্রতিনিধিদল আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (AUB) পরিদর্শন করেছে। সফরকালে উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা, জ্ঞান বিনিময় এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
গত সোমবার (২৯ জুন) রাজধানীর শ্যামলীতে অবস্থিত আশা ইউনিভার্সিটি বাংলাদেশের সিটি ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ফিলিপাইনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কার্ড–এমআরআই ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এডজেল এ. রামোস।
প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন কার্ড ব্যাংক ও কার্ড–এমআরআইয়ের সিনিয়র উপদেষ্টা ডলোরেস এম. টরেস, লরেঞ্জ ব্যানেজ এবং ফ্লোরডেলিজা এল. সারমিয়েন্টো।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে আশা ইউনিভার্সিটি বাংলাদেশের একাডেমিক কার্যক্রম, গবেষণা উদ্যোগ, আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং প্রাতিষ্ঠানিক সাফল্য তুলে ধরে একটি উপস্থাপনা করেন জনস্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেসমিন আক্তার।
উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষা কার্যক্রম, গবেষণার পরিবেশ, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করা হয়।
এরপর অনুষ্ঠিত মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক আবু দাউদ হাসান, সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ, মোছা. জিনাত তারা এবং দেলোয়ার হোসেন। তাঁরা প্রতিনিধিদলের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং শিক্ষা, গবেষণা, মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বৈঠকে উভয় পক্ষ উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, গবেষণায় পারস্পরিক সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি ভবিষ্যতে যৌথ গবেষণা, প্রশিক্ষণ কর্মসূচি এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও আগ্রহ প্রকাশ করেন।
সভার শেষে উভয় প্রতিষ্ঠান একাডেমিক সহযোগিতা আরও সম্প্রসারণ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক পর্যায়ে টেকসই অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ফিলিপাইনের কার্ড–এমআরআইয়ের মধ্যে ভবিষ্যতে বহুমাত্রিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা উভয় প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস