প্রিন্ট এর তারিখঃ Jul 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 5, 2026 ইং
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ, ডাউনলোড শুরু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (অনার্স) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম আজ রোববার (৫ জুলাই) থেকে শুরু হয়েছে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি ইউনিটে পৃথক তারিখে এমসিকিউ (MCQ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১১ জুলাই বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জুলাই দুই শিফটে নেওয়া হবে। এদিন বিজ্ঞান ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা, উত্তীর্ণ হতে লাগবে ন্যূনতম ৪০ নম্বর
বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, ভর্তি পরীক্ষা সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৪০ নম্বর অর্জন করতে হবে।
এ ছাড়া কাঙ্ক্ষিত বিভাগ বা বিষয় পাওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫ নম্বর অর্জন বাধ্যতামূলক করা হয়েছে। ফলে শুধু পাস নম্বর পেলেই পছন্দের বিষয়ে ভর্তির সুযোগ নিশ্চিত হবে না।
মোট আসন ১১ হাজার ২৯০
২০২৫–২৬ শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মোট ১১ হাজার ২৯০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
অনুষদভিত্তিক আসনসংখ্যা হলো—
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ৪ হাজার ৪৯৮টি
বিজ্ঞান ইউনিট: ৪ হাজার ৭৯৫টি
ব্যবসায় শিক্ষা ইউনিট: ১ হাজার ৯৯৭টি
৬ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী, ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আগামী ৬ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
সাত সরকারি কলেজ নিয়েই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হয়েছে রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে। কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।
ভর্তি–সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা, প্রবেশপত্র ডাউনলোড এবং পরীক্ষাবিষয়ক অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট থেকে জানা যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস