
সরকার বাংলাদেশ পুলিশ ক্যাডারের ৩৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৪ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তাঁরা সরকারি বিধি অনুযায়ী অবসর-সংক্রান্ত সব ধরনের আর্থিক ও প্রশাসনিক সুবিধা পাবেন। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অবসরে যাওয়া ডিআইজিরা হলেন মোল্যা নজরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মিরাজ উদ্দিন আহম্মেদ, শাহ মিজান শাফিয়ার রহমান, এস এম মোস্তাক আহমেদ খান, জিহাদুল কবির, মঈনুল হক, মো. ইলিয়াছ শরীফ, শ্যামল কুমার নাথ, মো. জাকির হোসেন খান, মো. শাহ আবিদ হোসেন, মো. জামিল হাসান, মো. মাহবুবুর রহমান এবং মো. মনিরুজ্জামান।
এ ছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার যাঁরা অবসরে গেছেন, তাঁরা হলেন মো. বরকতুল্লাহ খান, এ টি এম মোজাহিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন খান, মোহা. মনিরুজ্জামান, মো. মেহেদুল করিম, মো. আলমগীর কবীর, মো. রশীদুল হাসান, সঞ্জয় কুমার কুণ্ডু, মো. নিজামুল হক মোল্যা, এস এম এমরান হোসেন, মুহাম্মদ সাইদুর রহমান খান, ড. শামসুন্নাহার, মোল্লা জাহাঙ্গীর হোসেন, সাইফুল্লাহ আল মামুন, খান মুহাম্মদ রেজোয়ান, মো. সাজিদ হোসেন, শেখ রফিকুল ইসলাম এবং মাশরুকুর রহমান খালেদ।
পুলিশ সুপার পদ থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আবদুল্লাহ আরেফকে।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এসব কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছিল। তাঁদের মধ্যে কয়েকজন বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন এবং কয়েকজনের অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। অতীতে তাঁদের অনেকে পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট ও দায়িত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ও পুলিশের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তাকে একই ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতায় আরও ৩৩ জন কর্মকর্তা অবসরে গেলেন।