প্রিন্ট এর তারিখঃ Jul 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 7, 2026 ইং
মাদ্রাসা শিক্ষায় শৃঙ্খলা জোরদারে পিটি-সমাবেশের নতুন নির্দেশনা

দেশের সব মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য নিয়মিত দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করার নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে যেসব মাদ্রাসায় শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নেই, সেসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে উপযুক্ত একজনকে সাময়িকভাবে এ দায়িত্ব দেওয়ার পাশাপাশি শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নিতে বলা হয়েছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জারি করা এক নির্দেশনাপত্রে এসব তথ্য জানানো হয়।
অধিদপ্তর বলেছে, বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত ক্রীড়াচর্চার বিস্তার ঘটাতে এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে। তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলার পাশাপাশি তারুণ্যের শক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শারীরিক অনুশীলন ও খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যেই সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ (পিটি) এবং বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসায় কর্মরত শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে প্রতিদিনের সমাবেশ (পিটি) পরিচালনা করবেন এবং নিয়মিত খেলাধুলার আয়োজন করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এ ছাড়া যেসব মাদ্রাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ শূন্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানদের কর্মরত শিক্ষকদের মধ্য থেকে খেলাধুলায় দক্ষ ও উপযুক্ত একজন শিক্ষককে সাময়িকভাবে এ দায়িত্ব অর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিধি-বিধান অনুসরণ করে শারীরিক শিক্ষা বিষয়ের শূন্য পদ দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আশা প্রকাশ করেছে, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সক্ষমতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগতভাবে কাজ করার মানসিকতা আরও বিকশিত হবে। পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শারীরিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ জীবনধারা গড়ে উঠবে এবং শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও আরও গতিশীল হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস