
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের পর বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকারের কূটনৈতিক উদ্যোগ ইতোমধ্যে ফল দিতে শুরু করেছে।
মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী জানান, সোমবার থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার আবার উন্মুক্ত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পর্যায়ক্রমে আরও কয়েকটি দেশের শ্রমবাজারও বাংলাদেশিদের জন্য সহজলভ্য হবে।
এর আগে একই স্থানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে সিলেট অঞ্চলের উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের অবদান, বিশেষ করে সিলেটি প্রবাসীদের ভূমিকা এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত আলোচনা ও কূটনৈতিক যোগাযোগের ফল হিসেবে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হয়েছে। ভবিষ্যতে আরও নতুন গন্তব্যে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারত্ব এবং বিনিয়োগ বৃদ্ধিতে এমন বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।