
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মাঠে নেমেছে বাংলাদেশ বিমানবাহিনী। বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল ও সিলেট বিভাগের বন্যাকবলিত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় জানায়, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের নির্দেশনায় বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় সাতকানিয়া উপজেলার দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। দুর্গত মানুষের হাতে শুকনো খাবার, নিরাপদ পানীয় জল ও প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়েছে। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বিমানবাহিনী স্টেশন শমশেরনগর থেকেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যাপীড়িত পরিবারগুলোর কাছে রান্না করা খাবার, শুকনো খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া সম্ভাব্য জরুরি উদ্ধার অভিযানের জন্য বিমানবাহিনীর বিশেষ উদ্ধারকারী দল ও হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিমানবাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।
আইএসপিআর জানিয়েছে, দেশের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমানবাহিনী আগের মতোই ভবিষ্যতেও পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ চালিয়ে যাবে।