
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকসবিষয়ক উপমন্ত্রী রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মত প্রকাশ করে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী এবং দুই দেশের সম্পর্ককে আরও বিস্তৃত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
সৌদি প্রতিনিধিদল জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে একটি বে টার্মিনাল নির্মাণে প্রায় ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। পাশাপাশি দেশের সামগ্রিক বন্দর ব্যবস্থাপনায় তাদের বিনিয়োগ ভবিষ্যতে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার আগ্রহ রয়েছে।
এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বন্দর উন্নয়নের পাশাপাশি রেলপথ, পরিবহন ও অন্যান্য অবকাঠামো খাতেও বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে বলে প্রতিনিধিদল জানায়। এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পরবর্তী পর্যায়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়।
প্রধানমন্ত্রী সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ, নীতিগত সুবিধা এবং চলমান উন্নয়ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। তিনি সৌদি উদ্যোক্তাদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।
বাংলাদেশ সফর এবং দেশের উন্নয়ন খাতে আগ্রহ দেখানোর জন্য সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। জবাবে প্রতিনিধিদলের সদস্যরা সৌদি আরব সফরের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান এবং তাঁকে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
সৌদি প্রতিনিধিদলে আরও ছিলেন বিনিয়োগ উন্নয়নবিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদের প্রধান নির্বাহী আমের রেদা, প্রতিষ্ঠানের সিইও লার্স ভ্যাং, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন আবিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।