প্রিন্ট এর তারিখঃ Jul 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 16, 2026 ইং
'গণভোটের জনরায় কার্যকর না করে সরকার ভুল পথে হাঁটছে'—গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে পাওয়া জনরায় কার্যকর না করে সরকার ভুল পথে এগোচ্ছে। তাঁর অভিযোগ, জুলাই সনদের আইনগত ভিত্তি তৈরির পরিবর্তে সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়ে জনগণের প্রত্যাশা থেকে সরে এসেছে।
বুধবার রাতে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানের চেতনা: সাম্প্রতিক বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১–দলীয় ঐক্য, খুলনা এই সেমিনারের আয়োজন করে।
গোলাম পরওয়ার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর পরিবর্তে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, জনগণ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে, তার প্রতি সম্মান দেখিয়ে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নই এখন সময়ের দাবি।
তিনি দাবি করেন, জুলাই সনদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও গণভোটে জনগণ সনদের ৮৪টি ঐকমত্যের বিষয়েই সমর্থন দিয়েছে। তাই নির্বাচনের পর কোনো রাজনৈতিক দল নিজেদের সুবিধামতো কিছু অংশ গ্রহণ করে বাকি অংশ উপেক্ষা করতে পারে না।
বিএনপির সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দলটি জুলাই সনদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে যেতে চায়। তাঁর অভিযোগ, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে কর্তৃত্ববাদী শাসন, দলীয়করণ, দুর্নীতি এবং দমন-পীড়নের সুযোগ সংকুচিত হবে।
গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি রাষ্ট্রপতির আদেশ, গণভোটের রায় এবং জুলাই সনদের বাধ্যবাধকতাকে অস্বীকার করছে। তিনি বলেন, সংসদের মাধ্যমে যদি এ সমস্যার সমাধান না হয়, তাহলে জনগণের কাছেই যেতে হবে।
তিনি বলেন, সংসদে যে সমাধান হওয়ার কথা, তা যদি সেখানে সম্ভব না হয়, তাহলে জনগণকে রাজপথে নেমে নিজেদের অধিকার আদায় করতে হতে পারে। তবে এমন পরিস্থিতি সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে বলেও তিনি সতর্ক করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির এমরান হুসাইন।
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মাহফুজুর রহমান আখন্দ।
সেমিনারে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের রাজনৈতিক তাৎপর্য, রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা, গণভোটের রায় বাস্তবায়ন এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তাঁরা জুলাই সনদের বাস্তবায়নকে দেশের গণতান্ত্রিক রূপান্তরের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস