
শিল্পখাতের চাহিদার সঙ্গে উচ্চশিক্ষাকে আরও কার্যকরভাবে সংযুক্ত করার লক্ষ্যে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) তাদের স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপের (এসবিই) জেনারেল ম্যানেজমেন্ট বিভাগে আনুষ্ঠানিকভাবে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু করেছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ‘ব্রিজিং একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি: মিট, কানেক্ট, লিড’ শীর্ষক একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়, যেখানে দেশের শিল্প খাতের শীর্ষ নির্বাহী, শিক্ষাবিদ এবং নীতিনির্ধারকেরা অংশ নেন।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) আইইউবির ডিএমকে লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় দক্ষ সাপ্লাই চেইন পেশাজীবীর চাহিদা ক্রমেই বাড়ছে। এ বাস্তবতা বিবেচনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে যুগোপযোগী শিক্ষা ও শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটানো সময়ের দাবি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন। এছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তামিম, সহ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড এবং স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাইসুল আওয়াল মাহমুদ।
প্যানেল আলোচনা পরিচালনা করেন বিশ্বখ্যাত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এবং আইইউবির জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক মো. মামুন হাবিব। আলোচনায় তিনি বর্তমান বৈশ্বিক ব্যবসায়িক পরিবেশে সাপ্লাই চেইন ব্যবস্থাপনার কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, ডিজিটাল রূপান্তর এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আধুনিক ও শিল্পমুখী শিক্ষার বিকল্প নেই।
প্যানেল আলোচনায় অংশ নেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। তাঁদের মধ্যে ছিলেন রহিম আফরোজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়াজ রহিম, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের পরিচালক মির্জা সজিব রায়হান এবং বিশ্বব্যাংকের পার্টনার মো. মাহবুব আলম।
আলোচকরা বলেন, বাংলাদেশের শিল্প ও উৎপাদন খাতে প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি বৈশ্বিক বাজারে টিকে থাকতে দক্ষ সাপ্লাই চেইন ব্যবস্থাপনার গুরুত্ব বহুগুণ বেড়েছে। এ কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে বিশেষায়িত শিক্ষা চালু হওয়া সময়োপযোগী উদ্যোগ। তাঁরা শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব অভিজ্ঞতা, বিশ্লেষণী দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন।
প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালুর তাৎপর্য, একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে বিদ্যমান ব্যবধান কমানোর উপায়, বিভিন্ন শিল্পে সাপ্লাই চেইন ব্যবস্থাপনার বিবর্তন, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ এবং এ খাতে সফল ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
অনুষ্ঠানে আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হোসনে আরা আলী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইউবির জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক আফনান ইউসুফ ও জেরিন মমতাজ চৌধুরী। অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তুলে ভবিষ্যতের জন্য দক্ষ সাপ্লাই চেইন পেশাজীবী তৈরির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।