
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ পাওয়া চার ব্যক্তি যোগদান করতে এসে ধরা পড়েছেন। মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে তাঁদের চেহারার অমিল ধরা পড়ায় বিষয়টি তদন্ত করা হয় এবং পরে তাঁদের আটক করা হয়।
আটক চারজন হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আ. আলিম, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. রাসেল রানা লিটন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. মাসুদ ফকির।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষার সময় প্রতিটি প্রার্থীর প্রবেশপত্রসহ ছবি সংরক্ষণ করা হয়েছিল। গত ৬ জুলাই ২০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করে তাঁদের নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্রে উল্লেখ ছিল, নির্বাচিতদের ১৯ জুলাই সকাল ১০টায় সচিবালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে যোগদানপত্র জমা দিতে হবে।
নির্ধারিত সময়ে চারজন সেখানে উপস্থিত হলে কর্তৃপক্ষ তাঁদের ছবি যাচাই করে অসঙ্গতি দেখতে পান। পরে জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন যে, মৌখিক পরীক্ষায় তাঁদের পরিবর্তে অন্য ব্যক্তি অংশ নিয়েছিলেন।
এজাহার অনুযায়ী, মো. আ. আলিমের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৪ জুন। মো. আলী হায়দার ও রাসেল রানা লিটনের পরীক্ষা হয় ২৫ জুন এবং মো. মাসুদ ফকিরের পরীক্ষা নেওয়া হয় ২৮ জুন। চারজনেরই পরীক্ষার সময় ছিল বেলা ২টা।
জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তরা লিখিতভাবে দোষ স্বীকার করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয় শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছে।
উল্লেখ্য, গত ৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয় সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। অফিস সহায়ক পদে ২৩ হাজার ৭০৯ জন আবেদন করেন। লিখিত পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ৩১৮ জন, যাঁদের মধ্য থেকে ১০৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়।