
বাংলাদেশে নিযুক্ত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে, চীন সবসময় সহায়তার হাত বাড়িয়েছে। তিনি বাংলাদেশের প্রতি বেইজিংয়ের অব্যাহত সমর্থনের আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
রাজধানীর মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)-এর জাতীয় সদর দপ্তরে সংস্থাটিকে জরুরি সহায়তা হিসেবে এক লাখ মার্কিন ডলার হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন। চীনের রেডক্রস সোসাইটির পক্ষ থেকে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এই অনুদান দেওয়া হয়।
বিডিআরসিএসের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম সংস্থার পক্ষ থেকে সহায়তার অর্থ গ্রহণ করেন।
ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বহু মানুষের প্রাণহানি ঘটেছে, লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এই অনুদান বাংলাদেশের জনগণের প্রতি চীন সরকার ও জনগণের আন্তরিক সহানুভূতি এবং সংহতির প্রতিফলন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, জরুরি সহায়তার পাশাপাশি চীন নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি ও বন্যা মোকাবিলার সরঞ্জাম সরবরাহের মাধ্যমে বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতি সক্ষমতা বাড়াতে সহায়তা করে আসছে। গত বছর চীন বিডিআরসিএসকে যে জরুরি সরঞ্জাম দিয়েছিল, তা চলমান বন্যা মোকাবিলায় কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে বিডিআরসিএসের চেয়ারম্যান আবদুস সালাম চীন সরকার, চীনের জনগণ এবং রেডক্রস সোসাইটি অব চায়নার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহায়তা বিডিআরসিএসের খাদ্য বিতরণ, নিরাপদ পানি সরবরাহ, অস্থায়ী আশ্রয়, স্বাস্থ্যবিধি কিট বিতরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও সম্প্রসারণে সহায়ক হবে।
বিডিআরসিএস জানায়, ২১ জুলাই পর্যন্ত তাদের জরুরি কার্যক্রমের জন্য ৩.৩৯ মিলিয়ন টাকা বরাদ্দ করা হয়েছে। সংস্থাটি ২ হাজার ৫০০-এর বেশি খাদ্য প্যাকেজ বিতরণ করেছে, ২২ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে, ২ হাজারের বেশি মানুষকে চিকিৎসা সহায়তা দিয়েছে এবং ৩৭ হাজার লিটারের বেশি নিরাপদ পানি সরবরাহ করেছে।
এছাড়া জরুরি কার্যক্রম পরিচালনায় ১২টি রেড ক্রিসেন্ট ইউনিট সক্রিয় করা হয়েছে এবং ৩ হাজার ৫০০-এর বেশি স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানে বিডিআরসিএসের ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন (আইএফআরসি) এবং চীনা দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।