
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের সামুদ্রিক নিরাপত্তা ও নৌবাহিনীর সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, সাক্ষাৎকালে নৌবাহিনীর আধুনিকায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় স্বার্থে বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়।
এ সময় প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালন সফল ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের স্বার্থে নৌবাহিনীকে আরও দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।