প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 27, 2026 ইং
চট্টগ্রাম বোর্ডে আবারও এইচএসসি পরীক্ষা, আজ থেকে শুরু স্থগিত সূচির কার্যক্রম

ন্যা ও বৈরী আবহাওয়ার কারণে প্রায় তিন সপ্তাহ স্থগিত থাকার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ সোমবার (২৭ জুলাই) থেকে পুনরায় শুরু হয়েছে। সকাল ১০টা থেকে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হয়। দীর্ঘ বিরতির পর পরীক্ষার হলে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা।
একই সময়ে দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত রুটিন অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগব্যবস্থা এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল।
এ সিদ্ধান্তের আওতায় আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত করা হয়। এতে কয়েক লাখ পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়েন।
পরিস্থিতির উন্নতি হলে গত ২৩ জুলাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন যে, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত থাকা সব অবশিষ্ট পরীক্ষা পুনরায় শুরু হবে। সেই ঘোষণা অনুযায়ী আজ থেকে পরীক্ষা কার্যক্রম আবার শুরু হয়েছে।
বর্তমানে পরীক্ষাগুলো নিয়মিত রুটিন অনুসারেই অনুষ্ঠিত হচ্ছে। তবে স্থগিতাদেশ জারির আগে যেসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলোর সংশোধিত সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বন্যাজনিত দুর্যোগের কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে এ সময়ে দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা নিরবচ্ছিন্নভাবে চলেছে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আশা করছেন, আবহাওয়া ও যোগাযোগ পরিস্থিতি স্বাভাবিক থাকলে পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী অবশিষ্ট পরীক্ষাগুলো নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে। একই সঙ্গে স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচিও শিগগির প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস