প্রিন্ট এর তারিখঃ Oct 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 28, 2026 ইং
একরামুল হত্যা মামলার অভিযোগের পর সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন
ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করে জানায়, বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় তৎকালীন র্যাব–৭ (চট্টগ্রাম)–এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনকারী মিফতাহ উদ্দিন আহমেদের নামও রয়েছে।
ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেওয়ার একদিন পরই তাঁকে সেনা হেফাজতে নেওয়ার তথ্য প্রকাশ করা হয়। তবে আইএসপিআরের পক্ষ থেকে এ বিষয়ে অতিরিক্ত কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধ’-এ নিহত হন সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক। সে সময় তিনি টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ঘটনাটি নিয়ে দীর্ঘদিন ধরে নানা বিতর্ক ও আইনি প্রক্রিয়া চলার পর বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে।