
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরতে চাইলে সরকার সে বিষয়ে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, তাঁর প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং আইনে যে সব অধিকার রয়েছে, সেগুলো তিনি ভোগ করতে পারবেন।
জাহেদ উর রহমান আরও জানান, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়েও আলোচনা হয়েছে। সরকারের প্রত্যাশা, তিনি ভারতে অবস্থানকালে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা বক্তব্যে অংশ নেবেন না। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ভারতের একটি সংসদীয় কমিটিও একই ধরনের মতামত প্রকাশ করেছে।
তিনি বলেন, আদালত যে রায়ই দিক—সেটি মৃত্যুদণ্ড, খালাস বা অন্য কোনো সিদ্ধান্ত হোক—সরকার তা মেনে নেবে এবং পুরো বিচারপ্রক্রিয়া আইন অনুযায়ী পরিচালিত হবে।
এ ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের নির্দেশনার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। তাঁর ভাষ্য, যদি কোনো গণমাধ্যম আগাম তাঁর বক্তব্য প্রচারের ঘোষণা দেয় বা আদালতের নির্দেশ অমান্য করে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গণমাধ্যমকে আবারও এ বিষয়ে সতর্ক করা হবে।