
পাম্পে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে ত্রুটি দেখা দেওয়ার পর ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। এটি পুনরায় চালু করতে প্রায় এক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ত্রুটি মেরামতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে শনিবারের মধ্যেই ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হবে। এরপর এই ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
কেন্দ্রসংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সকালে হঠাৎ ১ নম্বর ইউনিটের একটি পাম্পে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। নিরাপত্তার কারণে ইউনিটটি বন্ধ করে দেওয়ায় এর বিদ্যুৎ উৎপাদনও বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে প্রতি ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।
এদিকে বিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিট সচল রয়েছে। এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে। অন্যদিকে কেন্দ্রটির ২ নম্বর ইউনিট ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।
এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটে উৎপাদন বন্ধ হয়েছিল। মেরামত শেষে দুই দিন পর ২ আগস্ট ইউনিটটি আবার বিদ্যুৎ উৎপাদনে ফিরেছিল। এর কয়েক দিনের মধ্যেই পুনরায় ত্রুটি দেখা দেওয়ায় ইউনিটটি আবার বন্ধ করতে হলো।