
বিশ্বায়ন, প্রযুক্তিগত পরিবর্তন ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য দক্ষ সাপ্লাই চেইন ব্যবস্থাপনা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদন, মজুত ব্যবস্থাপনা, সরবরাহ এবং চূড়ান্ত পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া—পুরো প্রক্রিয়ায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ওপর প্রতিষ্ঠানের দক্ষতা, ব্যয় নিয়ন্ত্রণ ও মুনাফা অনেকাংশে নির্ভর করে। ফলে আধুনিক ব্যবসায়িক পরিবেশে সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় দক্ষ পেশাজীবীর চাহিদাও বাড়ছে।
পেশাজীবীদের এই চাহিদার কথা বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এমডিপি) অধীনে ‘ইফেকটিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ (ইএসসিএম) শীর্ষক ছয় সপ্তাহের বিশেষ সার্টিফিকেট কোর্স আয়োজন করেছে। কোর্সটির মাধ্যমে অংশগ্রহণকারীদের সাপ্লাই চেইন ব্যবস্থাপনার মৌলিক ধারণার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় আধুনিক কৌশল ও টুলস সম্পর্কে ধারণা দেওয়া হবে।
আইবিএর অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, বিশ্বায়নের যুগে ব্যবসায়িকভাবে টেকসই সমৃদ্ধি অর্জন ও প্রতিষ্ঠানের দক্ষতা বাড়াতে আধুনিক সাপ্লাই চেইন ব্যবস্থাপনার বিকল্প নেই। আইবিএর এই বাস্তবমুখী কোর্স পেশাজীবীদের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নেতৃত্বের দক্ষতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কারা আবেদন করতে পারবেন
ইএসসিএম কোর্সের মূল লক্ষ্য হলো অংশগ্রহণকারীদের সাপ্লাই চেইন ব্যবস্থাপনার মূলনীতি, কৌশল এবং বৈশ্বিক প্রেক্ষাপট সম্পর্কে একটি স্পষ্ট ও বাস্তবমুখী ধারণা দেওয়া। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের সাপ্লাই চেইন কীভাবে বিশ্লেষণ করতে হয় এবং এর কার্যকারিতা বাড়াতে আধুনিক কৌশল ও বিভিন্ন টুলস কীভাবে প্রয়োগ করা যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
যেকোনো অনুষদ বা বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী পেশাজীবীরা এ কোর্সে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর কোনো খ্যাতনামা প্রতিষ্ঠানে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতাকেও কোর্সে ভর্তির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে।
আবেদন শেষ ২৭ আগস্ট
কোর্সটিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৭ আগস্ট ২০২৬। অনলাইনে আবেদন করার পর প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কোর্সে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
চূড়ান্তভাবে নির্বাচিতদের মোট ৩২ হাজার টাকা কোর্স ফি দিতে হবে। কোর্সের ক্লাস অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে। কর্মজীবী পেশাজীবীদের কথা বিবেচনা করে ছুটির দিনে দুটি পৃথক সেকশনে ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
অনলাইনে আবেদন করা যাবে আইবিএর ইএসসিএম আবেদন পোর্টাল থেকে।
যেভাবে পরিচালিত হবে কোর্স
শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব কর্মক্ষেত্রে সাপ্লাই চেইন ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সমাধানের সক্ষমতা তৈরির ওপর কোর্সটিতে গুরুত্ব দেওয়া হবে। অংশগ্রহণকারীদের শেখার অগ্রগতি ও দক্ষতা যাচাইয়ে ব্যক্তিগত ও দলগত অ্যাসাইনমেন্ট, বাস্তব কেস স্টাডি বিশ্লেষণ এবং পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে।
কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসাপ্রতিষ্ঠানের সাপ্লাই চেইনের বিভিন্ন ধাপ বিশ্লেষণ, সমস্যা শনাক্তকরণ এবং কার্যকারিতা বৃদ্ধির জন্য আধুনিক কৌশল প্রয়োগের বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। এর ফলে কর্মক্ষেত্রে সাপ্লাই চেইন-সংক্রান্ত জটিল পরিস্থিতিতে কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়বে বলে আয়োজকেরা আশা করছেন।
অভিজ্ঞ শিক্ষক ও শিল্প বিশেষজ্ঞদের পাঠদান
কোর্সের প্রশিক্ষণ সেশন পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং অন্যান্য স্বনামধন্য বিজনেস স্কুলের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। এর পাশাপাশি দেশের প্রথম সারির শিল্প খাতের প্রখ্যাত সাপ্লাই চেইন বিশেষজ্ঞরা অতিথি বক্তা হিসেবে বিভিন্ন সেশনে যুক্ত থাকবেন।
একাডেমিক জ্ঞান ও শিল্প খাতের বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে কোর্সটি সাজানো হওয়ায় অংশগ্রহণকারীরা সাপ্লাই চেইন ব্যবস্থাপনার তাত্ত্বিক ধারণার পাশাপাশি বাস্তব ব্যবসায়িক পরিস্থিতিতে এসব জ্ঞান প্রয়োগের সুযোগ পাবেন।
সার্টিফিকেট পেতে উপস্থিতি বাধ্যতামূলক
কোর্সটি সফলভাবে সম্পন্ন করা অংশগ্রহণকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে। তবে সার্টিফিকেট অর্জনের জন্য অংশগ্রহণকারীদের কোর্সের মোট ক্লাসের অন্তত ৭০ শতাংশে উপস্থিত থাকতে হবে।
কোর্সের বিস্তারিত তথ্য, ভর্তি-সংক্রান্ত অনুসন্ধান ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যের জন্য আগ্রহী প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের তৃতীয় তলার ৪০২ নম্বর কক্ষে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া ০১৭৬৬–৯৯৩৩৯০ ও ০১৭২৬–৮৮৫৩২৯ নম্বরে ফোন অথবা mdp@iba-du.edu ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে।
সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় ক্যারিয়ার গড়তে আগ্রহী এবং ইতিমধ্যে কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করা পেশাজীবীদের জন্য ছয় সপ্তাহের এই বিশেষায়িত কোর্সটি আধুনিক ব্যবসায়িক পরিবেশে প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের একটি সুযোগ তৈরি করতে পারে।