
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটির চলমান দুর্যোগ মোকাবিলায় প্রয়োজন হলে ত্রাণ, উদ্ধার ও অন্যান্য মানবিক সহায়তা দেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে ঢাকা।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নেপালের সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত। দুর্গত মানুষের দুর্ভোগের বিষয়টি বাংলাদেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভয়াবহ এই দুর্যোগে বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। পর্যটকসহ আরও অনেকের হতাহতের আশঙ্কাও তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নেপালের উদ্ধার ও জরুরি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ সময়ে নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ এই সংকটময় মুহূর্তে নেপালের পাশে থাকার বার্তা দিয়েছে।
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার, প্রয়োজনীয় চিকিৎসা এবং স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি হোক—এমন প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় নেপালের প্রয়োজন অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। বিশেষ করে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য ঢাকার প্রস্তুতি রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।