
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) দুই কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। তাঁরা হলেন সংস্থাটির অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন এবং যুগ্ম পরিচালক বদরুল আহমেদ।
সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবিরের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদক সূত্রে জানা যায়, দুই কর্মকর্তার বিদেশযাত্রা ঠেকাতে আদালতে পৃথক আবেদন করা হয়। সংস্থাটির সহকারী পরিচালক বিলকিস আক্তার আবেদন দুটি দাখিল করেন।
বদরুল আহমেদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত চলছে। দুদকের আবেদনে বলা হয়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তাঁর দেশত্যাগের চেষ্টা করার বিষয়টি জানা গেছে। তিনি বিদেশে চলে গেলে তাঁর সংশ্লিষ্টতার মাধ্যমে পাচার করা অর্থ উদ্ধারে জটিলতা তৈরি হতে পারে।
এদিকে এম এস কে শাহীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, চাঁদাবাজি এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনিও দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
দুদকের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়, তিনি বিদেশে চলে গেলে সংশ্লিষ্ট আর্থিক অনিয়মের অর্থ উদ্ধারের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। আদালত এসব বিষয় বিবেচনায় নিয়ে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।