
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসকে সামনে রেখে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার নগরীর বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার ৫০০ কর্মীকে নিয়ে এই অভিযান পরিচালনা করা হবে।
ডিএনসিসি জানিয়েছে, কর্মীদের ২৪টি দলে ভাগ করা হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল খুঁজে দেখবেন। পাশাপাশি লার্ভার উৎস ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরির কাজও করা হবে।
শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর ডিএনসিসির বিশেষ কার্যক্রম শুরু হবে।
উদ্বোধনী কর্মসূচির পর ডিএনসিসির অঞ্চল-৫-এ বিশেষ অভিযান চালানো হবে। সংসদ ভবন ও এর আশপাশের ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে এডিস মশার প্রজননস্থল খুঁজে তা ধ্বংস এবং লার্ভা নিধন করা হবে।
এই কর্মসূচিতে অংশ নিতে অঞ্চল-২, ৩ ও ৪ থেকে নির্দিষ্টসংখ্যক সুপারভাইজার ও মশকনিধন কর্মীকে অঞ্চল-৫ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের এসব কর্মী যথাসময়ে নির্ধারিত স্থানে উপস্থিত হয়েছেন কি না, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কেন্দ্রীয় কর্মসূচিতে দায়িত্ব পাওয়া কর্মীদের বাইরে অঞ্চল-২, ৩ ও ৪-এর বাকি কর্মীরা নিজেদের এলাকায় নিয়মিত মশকনিধন কার্যক্রম চালিয়ে যাবেন।
ডিএনসিসির অঞ্চল-১, ৬, ৭, ৮ ও ৯-সহ অন্যান্য এলাকাতেও বিশেষ মশক নিয়ন্ত্রণ অভিযান পরিচালিত হবে। আগে চিহ্নিত ডেঙ্গুর হটস্পট, ঝুঁকিপূর্ণ স্থান এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলকে এসব অভিযানে বেশি গুরুত্ব দেওয়া হবে।
সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শুধু ওষুধ ছিটিয়ে মশা মারার পরিবর্তে মশার প্রজননের উৎস ধ্বংসের ওপর এবার বেশি জোর দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে জমে থাকা পানি সরানো, প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস এবং প্রয়োজন অনুযায়ী লার্ভিসাইড ব্যবহারের মাধ্যমে ‘সোর্স রিডাকশন’ করা হবে।
নিজ নিজ অঞ্চলের কর্মসূচি তদারকি ও সমন্বয়ের দায়িত্ব সংশ্লিষ্ট সহকারী স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া হয়েছে। মাঠে কতজন কর্মী কাজ করছেন, কোথায় প্রজননস্থল পাওয়া যাচ্ছে এবং সেগুলো ধ্বংস করা হচ্ছে কি না—এসব বিষয় সরাসরি পর্যবেক্ষণের নির্দেশনাও রয়েছে।
ডিএনসিসি বলছে, অঞ্চল-৫-এ কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে সিটি করপোরেশনের সব অঞ্চলে একযোগে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলবে।
ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে নগরবাসীকে সচেতন করতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি তথ্যকেন্দ্র বা স্টল স্থাপন করা হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে এটি চালু থাকবে।
সেখানে ডেঙ্গু থেকে সুরক্ষা, এডিস মশার প্রজনন রোধ এবং বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে বিভিন্ন তথ্য ও সচেতনতামূলক উপকরণ প্রদর্শন করা হবে।