প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2026 ইং
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে সরকারের প্রতি হেফাজতের আহ্বান

‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক—এমন দাবি করে বিলটি সংশোধনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আইন প্রণয়ন বা সংশোধনের আগে আলেম-ওলামা, ইসলামি আইনবিশেষজ্ঞ ও আইনজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন।
রোববার সকালে রাজধানীতে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভা শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এসব বক্তব্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুসলিমদের হেবা বা দানসংক্রান্ত বিষয়ে নতুন আইনি জটিলতা তৈরির আশঙ্কা রয়েছে। ইসলামি শরিয়াহ–বিশেষজ্ঞদের মতামত না নিয়ে ‘তড়িঘড়ি করে’ বিলটি জাতীয় সংসদে পাস করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজত।
সংগঠনটির নেতাদের দাবি, মুসলিমপ্রধান দেশে ইসলামি শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন গ্রহণযোগ্য হতে পারে না। তাঁদের মতে, সংসদে বিল উত্থাপনের আগে এ বিষয়ে ইসলামি শরিয়াহ–বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত ছিল। কোরআনে নির্ধারিত নিজস্ব আইনি কাঠামোকে পাশ কাটিয়ে আইন প্রণয়ন করা শরিয়াহকে অবজ্ঞা করার শামিল বলেও মন্তব্য করেন তাঁরা।
তবে রাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষমতাকে হেফাজতে ইসলাম অস্বীকার করে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সংগঠনটির ভাষ্য, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সম্পর্কিত আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আলেম-ওলামা, ইসলামি আইনবিশেষজ্ঞ এবং আইনজ্ঞদের যথাযথ পরামর্শ নেওয়া অপরিহার্য।
সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল নিয়ে আইনমন্ত্রী ও জাতীয় সংসদের চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেছে হেফাজত। সংগঠনটির নেতারা বলেন, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন এবং শরিয়তসম্মত সম্পত্তি বণ্টনব্যবস্থার প্রতি যথাযথ সম্মান দেখানো রাষ্ট্রের দায়িত্ব।
বিলটির বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে হেফাজত বলেছে, শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে প্রতিবাদ অব্যাহত রাখা হবে। একই সঙ্গে সরকারের প্রতি আলোচনার মাধ্যমে বিষয়টির একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।
হেফাজতের ভাষ্য, হেবা প্রথা এবং মুসলিম উত্তরাধিকারীদের অধিকার সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে বিলের বিতর্কিত বিধানগুলো পুনর্বিবেচনা করা প্রয়োজন। প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বিষয়টির সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এ বিষয়ে পরবর্তী পদক্ষেপও নির্ধারণ করেছে হেফাজতে ইসলাম। সভায় সিদ্ধান্ত হয়েছে, বিলটি সংশোধনের দাবি নিয়ে সংগঠনের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। ওই প্রতিনিধিদলে হেফাজতের নেতাদের পাশাপাশি ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদেরও রাখার কথা বলা হয়েছে।
সভায় হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত নতুন বিধানের সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন এবং নিজেদের অবস্থান সরকারের কাছে তুলে ধরার বিষয়ে ঐকমত্যে পৌঁছান।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়। বিলের একটি বিধানে সম্পত্তি দান বা হস্তান্তরের পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগের অধিকার রাখার সুযোগ দেওয়া হয়েছে। এই বিধান নিয়েই আপত্তি জানিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটির দাবি, মুসলিমদের প্রচলিত হেবা ও উত্তরাধিকারসংক্রান্ত বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনটি পুনর্বিবেচনা করা প্রয়োজন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস