
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে ২০২৭ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি মেরিন শিক্ষানবিশ (ডেক ও ইঞ্জিন) কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশি পুরুষ নাগরিকেরা এ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এবার মোট ৩৭০টি আসনে শিক্ষার্থী নেওয়া হবে।
২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কোর্সের প্রশিক্ষণ শুরু হবে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে আগামী ৩১ অক্টোবর দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
যে তিন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ
মেরিন শিক্ষানবিশ কোর্সের প্রশিক্ষণ তিনটি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ডিইপিটিসি–নারায়ণগঞ্জে ১৫০টি, ডিইপিটিসি–বরিশালে ৩০টি এবং এসপিটিআই–মাদারীপুরে ১৯০টি আসন রয়েছে।
প্রার্থীদের আবেদনের সময় পছন্দের ক্রমানুসারে প্রশিক্ষণ প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। পাশাপাশি নির্ধারিত তিনটি কেন্দ্রের মধ্যে কোন কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিতে চান, সেটিও আবেদনের সময় উল্লেখ করতে হবে।
আবেদনের যোগ্যতা
এ কোর্সে আবেদন করতে হলে প্রার্থীকে কমপক্ষে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে।
বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রয়েছে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর প্রার্থীর বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
লিখিত ও ব্যবহারিক পরীক্ষা
ভর্তি প্রক্রিয়ায় প্রথমে এসএসসি মানের লিখিত পরীক্ষা নেওয়া হবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চার বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে শারীরিক সক্ষমতা, চোখ, সাঁতার ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এসব পরীক্ষায় যোগ্যতা অর্জনকারীদের মধ্য থেকে মেধাক্রমের ভিত্তিতে চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেক শাখায় প্রথম ১৪০ জন এবং ইঞ্জিন শাখায় ১৩০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। অন্য যোগ্য প্রার্থীদের অপেক্ষমাণ তালিকায় রাখা হবে।
ভর্তি পরীক্ষা ২০ ও ২১ নভেম্বর
ভর্তি পরীক্ষা আগামী ২০ ও ২১ নভেম্বর ২০২৬ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য তিনটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রগুলো হলো—
১. ডিইপিটিসি–নারায়ণগঞ্জ
২. ডিইপিটিসি–বরিশাল
৩. এসপিটিআই–মাদারীপুর
আবেদনের সময় প্রার্থীকে এসব কেন্দ্রের মধ্য থেকে পছন্দের পরীক্ষাকেন্দ্র নির্বাচন করতে হবে।
আবেদন ফি ৩২০ টাকা
আবেদন করতে প্রার্থীকে ৩২০ টাকা ফি দিতে হবে। ডাচ্–বাংলা ব্যাংকের রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।
অনলাইনে আবেদন করা যাবে ডিইপিটিসি–নারায়ণগঞ্জের ওয়েবসাইটে। আবেদনের সময় প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ এবং পছন্দের প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্র উল্লেখ করতে হবে।
বিনা মূল্যে থাকা-খাওয়ার সুবিধা
চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য বেশ কিছু সুবিধা রাখা হয়েছে। তাদের বিনা মূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে প্রশিক্ষণও বিনা মূল্যে দেওয়া হবে। প্রশিক্ষণের উপযোগী এক সেট ইউনিফর্মও বিনা মূল্যে সরবরাহ করা হবে।
তবে ভর্তির সময় নির্বাচিত প্রার্থীকে এককালীন ২০ হাজার টাকা দিতে হবে। এর পাশাপাশি জামানত হিসেবে আরও দুই হাজার টাকা দিতে হবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর জামানতের দুই হাজার টাকা ফেরত দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ
মেরিন শিক্ষানবিশ কোর্স সফলভাবে সম্পন্ন করার পর অভ্যন্তরীণ নৌযানে চাকরির সুযোগ রয়েছে। চাকরিতে যোগ দেওয়ার পর অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার, ইনল্যান্ড ড্রাইভার বা ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা পূরণকারী প্রশিক্ষণার্থীদের জন্য বিদেশগামী জাহাজে কাজের সুযোগও রয়েছে। স্বীকৃত বোর্ড বা কর্তৃপক্ষ থেকে পদার্থবিজ্ঞান ও গণিতসহ মাধ্যমিক (বিজ্ঞান) বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০, অর্থাৎ ৫০ শতাংশ নম্বর পাওয়া প্রশিক্ষণার্থীরা ডেক বা ইঞ্জিন অফিসার ক্লাস–৫ সনদ পাওয়ার পর বিদেশগামী জাহাজে চাকরির সুযোগ পাবেন।
ফলে অভ্যন্তরীণ নৌযানে প্রশিক্ষণ ও চাকরির পাশাপাশি নির্দিষ্ট যোগ্যতা অর্জনকারী প্রশিক্ষণার্থীদের জন্য আন্তর্জাতিক নৌপরিবহন খাতেও ক্যারিয়ার গড়ার পথ তৈরি হতে পারে।