
রাজধানীর আফতাবনগরে অবস্থিত ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গত শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ও প্রশাসনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী (অ্যালামনাই) এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সকালে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে একটি আনন্দ র্যালি বের করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদ্যাপন করেন।
অনুষ্ঠানের মূল পর্বে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, প্রাক্তন শিক্ষার্থী, ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সাবেক উপাচার্যদের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়।
শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন অধ্যাপক অনিন্দিতা পাল। কর্মকর্তাদের পক্ষে বক্তব্য দেন রোজিনা পারভিন। প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য রুবানা হক। ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে বক্তব্য দেন বোর্ডের সদস্য মুনিজে মঞ্জুর। সাবেক উপাচার্যদের পক্ষে বক্তব্য দেন অধ্যাপক এম এম শহিদুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন।
স্মৃতিচারণা পর্বে বক্তারা বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার শুরুর সময়ের বিভিন্ন ঘটনা ও স্মৃতি তুলে ধরেন। তাঁরা জানান, ১৯৯৬ সালের সেপ্টেম্বরে মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছিল। এরপর তিন দশকের পথপরিক্রমায় বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষা, গবেষণা ও বিভিন্ন একাডেমিক কার্যক্রমে ধারাবাহিকভাবে এগিয়ে গেছে।
বক্তারা বিশ্ববিদ্যালয়ের ৩০ বছরের অর্জন ও অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও আলোচনা করেন। একই সঙ্গে গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়।
তাঁরা বলেন, তিন দশকের এই পথচলায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবদান রয়েছে। তাঁদের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়টি বর্তমান অবস্থানে পৌঁছেছে।
আলোচনা পর্বের পাশাপাশি দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, অ্যালামনাই ও শিক্ষকরা এতে অংশ নেন। তাঁদের পরিবেশনায় গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান ছিল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক সদস্যদের পুনর্মিলন এবং প্রতিষ্ঠানের তিন দশকের পথচলা ফিরে দেখার একটি উপলক্ষ। প্রতিষ্ঠার সময়ের সীমিত পরিসর থেকে বর্তমান পর্যায়ে পৌঁছানোর যাত্রার স্মৃতিচারণার পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশাও উঠে আসে অনুষ্ঠানে।