
সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল, অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম তাঁদের দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিনের সম্পর্ক ও প্রায় চার বছরের দাম্পত্যের পর পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে নিজেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ। পরে যোগাযোগ করা হলে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন শেহতাজ।
প্রীতম তাঁর পোস্টে জানান, প্রায় এক দশকের পথচলার পর তাঁরা নিজেদের বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে একসঙ্গে কাটানো সময়, নানা স্মৃতি ও অভিজ্ঞতার জন্য দুজনই কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, তাঁদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শুভকামনা ভবিষ্যতেও বজায় থাকবে। সময়ের সঙ্গে তাঁরা উপলব্ধি করেছেন, বোঝাপড়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সে কারণে পৃথকভাবে এগিয়ে যাওয়াই তাঁদের দুজনের জন্য ভালো হবে বলে মনে করেছেন।
প্রীতমের ভাষ্য অনুযায়ী, সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি। নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা এবং পরিবারের সদস্যদের সমর্থন ও সম্মতির পরই তাঁরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে।
শেহতাজও তাঁর দেওয়া পোস্টে প্রায় একই ধরনের বক্তব্য তুলে ধরেছেন। তিনি জানান, দীর্ঘ পথচলার পর তাঁরা পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রেখেই সম্পর্কের সমাপ্তি ঘটানোর সিদ্ধান্ত নিয়েছেন।
একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির কথা উল্লেখ করে শেহতাজ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি প্রীতমের প্রতি তাঁর সম্মান ও শুভকামনা সবসময় থাকবে বলেও জানান তিনি।
দুজনের বক্তব্যেই উঠে এসেছে, সময়ের সঙ্গে তাঁদের মধ্যে কিছু বিষয়ে বোঝাপড়ার পার্থক্য তৈরি হয়েছে। সেই বাস্তবতা বিবেচনা করেই পৃথক পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এ সিদ্ধান্তে পরিবারের সমর্থনও ছিল বলে জানিয়েছেন শেহতাজ।
জীবনের এই পরিবর্তনের সময়ে নিজেদের ব্যক্তিগত বিষয় ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের কাছেও তাঁরা বিষয়টি সংবেদনশীলতা ও সহমর্মিতার সঙ্গে দেখার অনুরোধ করেছেন।
একসঙ্গে কাজ করতে গিয়েই প্রীতম ও শেহতাজের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন শেহতাজ। ২০১৭ সালে ওই কাজের সময় তাঁদের পরিচয় হয়। পরে সেই পরিচয় ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।
দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০২২ সালের ২৯ অক্টোবর বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রীতম ও শেহতাজ। চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।
তবে ঘনিষ্ঠজনদের ভাষ্য, বেশ কিছুদিন ধরেই তাঁদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন চলছিল। বিষয়টি নিয়ে কাছের মানুষদের মধ্যেও আলোচনা ছিল। শেষ পর্যন্ত রোববার রাতে পৃথক পোস্টের মাধ্যমে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্ত প্রকাশ্যে আনলেন প্রীতম ও শেহতাজ।