
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৬ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সমাবর্তনে ‘গেস্ট অব অনার’ হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। এ সময় তিনি রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানও সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাক্ষাতের শুরুতে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি, শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বাড়াতে নেওয়া উদ্যোগ এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়; দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশেও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পর্যায়ে নিয়ে যেতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ জায়গা থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
উপাচার্যের নেতৃত্বে বঙ্গভবনে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।