
রাজনীতিতে ভিন্নমত থাকা স্বাভাবিক। পাশাপাশি গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগও থাকতে হবে। এসব বিষয়ই একটি গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে।
বুধবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এনামুল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিষ্ঠানটির বর্তমান শিক্ষা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে হাবিপ্রবিতে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য সরকার থেকে ৬০০ কোটি টাকা বরাদ্দের বিষয়টিও রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগ, ছাত্রীদের আবাসন সমস্যা এবং অন্যান্য প্রয়োজনের কথা তুলে ধরে রাষ্ট্রপতির সহযোগিতা চান উপাচার্য।
জবাবে রাষ্ট্রপতি এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। দেশের তুলনামূলকভাবে পিছিয়ে থাকা উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়টিকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষার মান ধরে রাখার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানান।
বঙ্গভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।