
বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর (আইওসি) দরপত্র জমা দেওয়ার সময়সীমা আরও চার মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’-এ দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩১ মার্চ।
এর আগে দরপত্র জমা দেওয়ার সময়সীমা চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময়সীমা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অফশোর বিডিং রাউন্ডে অংশগ্রহণের বিষয়ে বিশ্বের বেশ কয়েকটি স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানির সঙ্গে সম্প্রতি আলোচনা হয়েছে। এসব কোম্পানির অনুরোধ বিবেচনায় নিয়ে অনুসন্ধান-সংক্রান্ত তথ্য সংগ্রহের প্যাকেজ আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দরপত্র জমা দেওয়ার সময়ও বাড়ানো হয়েছে।
মন্ত্রণালয় আশা করছে, দরপত্র জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়া এবং অনুসন্ধান-সংক্রান্ত তথ্যের প্যাকেজ সহজে পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর আগ্রহ বাড়বে।
সংশ্লিষ্ট উদ্যোগের মাধ্যমে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আরও বেশি বিদেশি কোম্পানিকে অংশগ্রহণে উৎসাহিত করা সম্ভব হবে বলে মনে করছে মন্ত্রণালয়। এতে অফশোর অনুসন্ধানের জন্য দরপত্র প্রক্রিয়ায় কোম্পানিগুলোর প্রস্তুতি নেওয়ার সুযোগও বাড়বে।