
শিক্ষা মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ২০২৭ শিক্ষাবর্ষের নতুন ভর্তি নীতিমালা প্রকাশ করেছে। নতুন নিয়ম অনুযায়ী প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে এবং ভর্তির ক্ষেত্রে বয়সসীমা নির্ধারন করা হয়েছে।
প্রথম শ্রেণিতে ভর্তির নিয়ম ও বয়সসীমা
জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির নির্ধারিত বয়স ৬ বছর বা তার বেশি। তবে ১ জানুয়ারি ২০২৭ তারিখে সর্বনিম্ন বয়স ৫ এবং সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে। ভর্তির সময় অনলাইন জন্মনিবন্ধন সনদ জমা দেওয়া বাধ্যতামূলক।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়সে অতিরিক্ত ছাড়
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ সহজ করতে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। নীতিমালার সাধারণ বয়সের ঊর্ধ্বসীমা থেকে তারা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত অতিরিক্ত ছাড় পাবে।
প্রাথমিক স্তরের বিভিন্ন শ্রেণিতে নির্দিষ্ট বয়সসীমা
প্রথম শ্রেণির পাশাপাশি প্রাথমিক স্তরের বাকি শ্রেণিতেও বয়সসীমা নির্ধারণ করা হয়েছে:
দ্বিতীয় শ্রেণি: ৬ থেকে ৮ বছর
তৃতীয় শ্রেণি: ৭ থেকে ৯ বছর
চতুর্থ শ্রেণি: ৮ থেকে ১০ বছর
পঞ্চম শ্রেণি: ৯ থেকে ১১ বছর
মাধ্যমিক স্তরের শ্রেণিসমূহে ভর্তির নির্ধারিত বয়স
মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সসীমা নিম্নরূপ:
ষষ্ঠ শ্রেণি: ১০ থেকে ১২ বছর
সপ্তম শ্রেণি: ১১ থেকে ১৩ বছর
অষ্টম শ্রেণি: ১২ থেকে ১৪ বছর
নবম শ্রেণি: ১৩ থেকে ১৫ বছর
প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী
শিক্ষার মান ও পরিবেশ সুষ্ঠু রাখতে শ্রেণিকক্ষের শিক্ষার্থী সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। ২০২৭ শিক্ষাবর্ষের এ নিয়ম ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।