
গাজীপুরের টঙ্গী চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় বুধবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ প্রচেষ্টায় চার ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভাতে প্রায় ১৩ ঘণ্টা সময় লাগে। রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে ডাম্পিং কাজ।
মূল কারণ শর্ট সার্কিট: ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদুতিক শর্ট সার্কিট অথবা যান্ত্রিক ত্রুটি থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহীন আলম।
হতাহত নেই কারখানায়, আহত ৩ কর্মী
অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নিতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ জন সদস্য আহত হলেও কারখানা কর্তৃপক্ষের কোনো শ্রমিক বা কর্মী হতাহত হননি।
কারখানা ক্ষতিগ্রস্ত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
আগুনে কারখানা ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে পুড়ে গেছে বিপুল পরিমাণ কেমিক্যাল, উৎপাদন যন্ত্রপাতি ও মালামাল। সার্বিক পরিস্থিতির বিবেচনায় কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার সব ধরণের উৎপাদন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
প্রবেশাধিকার সংরক্ষিত, নিরাপত্তায় কড়াকড়ি
বৃহস্পতিবার সকালে শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের কারখানায় প্রবেশের অনুমতি দেওয়া হয়, তবে শ্রমিকদের ঢুকতে দেওয়া হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে মূল ফটকে গণমাধ্যম কর্মীদের কাছেও কোনো বক্তব্য দেননি কারখানা কর্তৃপক্ষ।