
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় আজ থেকে ছুটি শুরু হচ্ছে। তবে প্রতিষ্ঠান ও স্তরভেদে ছুটির মেয়াদে কিছুটা ভিন্নতা রয়েছে।
স্কুলগুলোতে ১০ দিন ছুটির সুযোগ
স্কুলের ছুটির তালিকা অনুযায়ী ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে আগে ও পরের সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবরের লক্ষ্মীপূজার ছুটি যোগ হয়ে মোট ১০ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।
ছুটির মেয়াদ পরিবর্তন সাপেক্ষ
স্কুলগুলোর এই ছুটির হিসাব শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রমের প্রয়োজন বিবেচনায় যেকোনো সময় ছুটির সূচিতে পরিবর্তন আসতে পারে।
কলেজে ১৬ দিনের দীর্ঘ অবকাশ
কলেজগুলোতে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি থাকবে। এর সঙ্গে আগের ও পরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে কলেজের শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পাবেন।
মাদ্রাসায় তিন দিনের দুর্গাপূজার ছুটি
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট তিন দিন ছুটি থাকবে।
বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির সিদ্ধান্ত স্বতন্ত্র
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির ক্ষেত্রে কোনো একক বা অভিন্ন সময়সূচি প্রযোজ্য নয়। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্তে ছুটি নির্ধারণ করে থাকে।
সরকারি চাকুরিজীবীদের টানা পাঁচ দিনের অবকাশ
সরকারি চাকরিজীবীদের জন্য মহানবমী ও বিজয়া দশমীর ছুটির পাশাপাশি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে পরের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ মোট টানা পাঁচ দিনের অবকাশ পাচ্ছেন তাঁরা।