
শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে আয়োজক ও দর্শনার্থীদের জন্য পাঁচ দফা জরুরি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো সংবাদের সত্যতা না জেনে বিভ্রান্তি ছড়ানো এবং তথ্য লাইক বা শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
মণ্ডপের নিরাপত্তা বাড়াতে পুরুষ ও নারী দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থানের পথ রাখা, ব্যাগ বা পোঁটলা নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা এবং সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে গেট ও অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। আলো ও বিকল্প বিদ্যুতের ব্যবস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবকদের শনাক্তকরণে বিশেষ পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও বাহুবন্ধনী ব্যবহারের পরামর্শও রয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্যান্য ধর্মের অনুভূতির প্রতি শ্রদ্ধা রাখা, আজান ও নামাজের সময় মণ্ডপ ও বিসর্জনস্থলে মাইক বা শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখা এবং আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নির্ধারিত পথ অনুসরণের নির্দেশ দেওয়া হয়।
যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কিংবা পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ, ঢাকেশ্বরী মন্দির, এসআরবি ও ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের নির্দিষ্ট নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। এছাড়া বিস্তারিত যোগাযোগের জন্য বাংলাদেশ পুলিশের নিজস্ব ওয়েব পোর্টালে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।