
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় হিটলার বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি দুর্গাপূজার ছুটিতে মোটরসাইকেলে করে নিজ বাড়ি গোপালগঞ্জে ফিরছিলেন।
নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বড় ডোমরাসুর গ্রামের বাসিন্দা সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে কর্মস্থল থেকে মোটরসাইকেল নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেন হিটলার বিশ্বাস। পথে ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা সার্বিক পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই পুলিশ সদস্য পূজার ছুটিতে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাসটির চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া জানান, দুর্ঘটনায় হিটলার বিশ্বাসের পেটে গুরুতর আঘাত লাগে। তাঁকে হাসপাতালে আনা হলেও অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসা শুরুর আগেই তাঁর মৃত্যু হয়।