
জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফরম পূরণের সময় আবারও বাড়ানো হয়েছে। নির্ধারিত ৪০ শতাংশ পরীক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন করতে পারেনি—এমন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন করে এ সুযোগ পাবে। আগামী ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান তাদের জন্য নির্ধারিত সর্বোচ্চ ৪০ শতাংশ পরীক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন করতে পারেনি, শুধু সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সময় বাড়ানো হয়েছে। আগামী ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত তারা ফরম পূরণের সুযোগ পাবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সর্বোচ্চ ৪০ শতাংশ পরীক্ষার্থীর সীমা বহাল থাকবে।
বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে আগামী ২৯ অক্টোবরের মধ্যে পরিশোধ করতে হবে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরাই কেবল এ বর্ধিত সময়ের সুবিধা পাবে। তাই যেসব প্রতিষ্ঠানে এখনো ফরম পূরণ সম্পন্ন হয়নি, সেসব প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করতে হবে।