
দেশের উচ্চশিক্ষার সর্ববৃহৎ প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (২১ অক্টোবর)। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও নগর কার্যালয়ে ব্যানার স্থাপন, বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে মাইলফলক জাতীয় বিশ্ববিদ্যালয়
১৯৯২ সালের এই দিনে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করে। দেশের সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় উচ্চশিক্ষার আলো পৌঁছে দেওয়া এবং আঞ্চলিক কলেজগুলোর সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রধান ভরসা
প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিশেষত মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের তরুণ-তরুণীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে প্রতিষ্ঠানটি অনন্য অবদান রাখছে। বর্তমানে এর অধীনে ২,৩১৮টি অধিভুক্ত কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়ালেখা করছেন এবং এক লাখেরও বেশি শিক্ষক কর্মরত রয়েছেন।
দেশের মোট উচ্চশিক্ষার বড় অংশের ধারক
বর্তমানে দেশের সামগ্রিক উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশই এই বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত প্রায় এক কোটিরও বেশি স্নাতক ডিগ্রিধারী তৈরি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, যারা দেশ ও বিদেশে শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অবদান রাখছেন।
আধুনিক শিক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় নিরবচ্ছিন্ন প্রয়াস
পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মেলাতে এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বমানের শিক্ষাক্রম আধুনিকীকরণ, শিক্ষক প্রশিক্ষণ জোরদার, সেশনজট নিরসন এবং গবেষণা কার্যক্রম বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছে।