
ভূরাজনৈতিক উত্তেজনা, সশস্ত্র সংঘাত, মানবিক সংকট এবং ক্রমবর্ধমান বৈষম্যের এই সংকটময় সময়ে বহুপাক্ষিকতাকে অপরিহার্য বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জাতিসংঘ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি জানান, বাংলাদেশ বহুপাক্ষিকতার প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের অর্থবহ ও বাস্তবসম্মত সংস্কার সমর্থন করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালীকরণ, মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখা এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সভাপতি নির্বাচিত হওয়া বিশ্বমঞ্চে দেশের সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকারকে তুলে ধরে। বাংলাদেশ একটি প্রতিনিধিত্বমূলক, স্বচ্ছ ও কার্যকর জাতিসংঘের পক্ষে এবং নিরাপত্তা পরিষদের সময়োপযোগী সংস্কারকে পূর্ণ সমর্থন জানায়।
বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অংশীদারিত্ব অত্যন্ত সুদৃঢ়। টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ মোকাবিলা এবং লিঙ্গসমতার পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১২ লাখের বেশি রোহিঙ্গাকে মানবিক আশ্রয়ের বিষয়টিও তিনি তুলে ধরেন। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা নিশ্চিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সম্মিলিত ও জোরালো আহ্বান জানান।