
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে দেশটিতে আজ রোববারই নতুন করে সামরিক অভিযান চালানো হতে পারে। তবে তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে কোনো ‘বড় চুক্তিতে’ রাজি হলে এই সামরিক পদক্ষেপ এড়ানোর পথ এখনও খোলা রয়েছে।
গত কয়েক দিন ধরে চলা উত্তেজনার মধ্যেই শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সম্ভাব্য অভিযানের সময় নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ইরান চুক্তিতে আগ্রহী হলেও দেশটির প্রতিশ্রুতি নিয়ে সংশয় রয়েছে। মূলত ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই মার্কিন প্রশাসনের প্রধান লক্ষ্য। এর আগে গত বছরের জুনেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে পূর্বের মতোই তেল পরিবহন স্বাভাবিক রয়েছে। তবে শেষ পর্যন্ত চুক্তি হোক কিংবা সামরিক অভিযান—উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র জয়ী হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।