প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2026 ইং
এআই প্রযুক্তির নতুন কম্পিউটার আনল গিগাবাইট

এআই প্রযুক্তির নতুন কম্পিউটার আনল গিগাবাইট
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কাজ, গবেষণা ও তথ্য বিশ্লেষণের চাহিদা বিবেচনায় উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার ও নতুন ল্যাপটপ বাংলাদেশের বাজারে এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে এআই মডেল পরিচালনার উপযোগী দুটি কম্পিউটার এবং ‘ঈগল’ সিরিজের একটি ল্যাপটপ। পণ্যগুলো বাজারজাত করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
গিগাবাইটের নতুন কম্পিউটারগুলোর একটি হলো ‘এআই টপ ১০০ ডব্লিউ৮৮০’। এতে রয়েছে ইন্টেল কোর আলট্রা ৯ প্রসেসর এবং এনভিডিয়া আরটিএক্স ৫০৯০ গ্রাফিকস কার্ড। উচ্চক্ষমতাসম্পন্ন এই কম্পিউটারটির দাম নির্ধারণ করা হয়েছে ১৪ লাখ টাকা। উন্নত গ্রাফিকস প্রক্রিয়াকরণ ও জটিল কম্পিউটিংয়ের চাহিদা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে।
অন্য মডেল ‘এআই টপ অ্যাটম’-এ ব্যবহার করা হয়েছে এনভিডিয়ার গ্রেস ব্ল্যাকওয়েল সুপারচিপ। কম্পিউটারটিতে রয়েছে ১২৮ গিগাবাইট মেমোরি এবং ৪ টেরাবাইট ধারণক্ষমতা। এর দাম রাখা হয়েছে ১০ লাখ টাকা। এআই মডেল পরিচালনা, গবেষণা এবং বড় আকারের তথ্য প্রক্রিয়াকরণের মতো কাজের জন্য কম্পিউটারটি ব্যবহার করা যাবে।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, নতুন কম্পিউটারগুলোতে সরাসরি ডিভাইসেই কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল চালানোর সুবিধা রয়েছে। ফলে নির্দিষ্ট কিছু কাজের জন্য ক্লাউডভিত্তিক সেবার ওপর নির্ভরতা কমানো সম্ভব হতে পারে। পাশাপাশি ব্যক্তিগত কম্পিউটারে তথ্য বিশ্লেষণ ও এআইভিত্তিক বিভিন্ন কাজ করার সুযোগ বাড়বে।
কম্পিউটারের পাশাপাশি গিগাবাইট বাজারে এনেছে ‘ঈগল’ সিরিজের নতুন ল্যাপটপ। এতে রয়েছে এএমডি রাইজেন ৫ প্রসেসর, এনভিডিয়া আরটিএক্স ৩০৫০ গ্রাফিকস কার্ড এবং ১৬ ইঞ্চি পর্দা। ল্যাপটপটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার টাকা। কাজের পাশাপাশি গেমিং ও গ্রাফিকসনির্ভর বিভিন্ন কাজে এটি ব্যবহার করা যাবে।
গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খানের ভাষ্য অনুযায়ী, কম্পিউটারে সরাসরি এআই পরিচালনার সুবিধা থাকলে ব্যবহারকারীরা গবেষণা, তথ্য বিশ্লেষণ ও এআইভিত্তিক কাজে আরও স্বাধীনভাবে কাজ করতে পারবেন। একই সঙ্গে ক্লাউড সেবার ওপর নির্ভরশীলতা কমানোর সুযোগ তৈরি হবে।
নতুন পণ্যগুলোর দাম বিবেচনায় এগুলো মূলত উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের প্রয়োজন রয়েছে এমন ব্যবহারকারীদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে। বিশেষ করে এআই গবেষক, তথ্য বিশ্লেষক, কনটেন্ট নির্মাতা ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের কাজে এসব ডিভাইস ভূমিকা রাখতে পারে। তবে কোন মডেলটি উপযুক্ত হবে, তা নির্ভর করবে ব্যবহারকারীর কাজের ধরন ও বাজেটের ওপর।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস ২৪